মিসরে দেশব্যাপী বিক্ষোভ, সহিংসতায় নিহত ৬

মিসরের রাজধানী কায়রোসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে গতকাল শুক্রবার দিনভর বিক্ষোভ মিছিল করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির হাজারো সমর্থক। এ সময় কায়রোর মোহানদিসিন জেলায় মুরসিপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ছয়জন মারা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট মুরসিকে প্রেসিডেন্ট পদে পুনর্বহালের দাবিতে গতকাল কায়রোসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করে তাঁর সমর্থকেরা।
গতকাল জুমার নামাজের পর ৫০০ বিক্ষোভকারী মধ্য কায়রোর সাহেব রুমি মসজিদ থেকে বেরিয়ে মিছিল শুরু করে। এ সময় তারা ‘জেগে ওঠো, ভয় পেয়ো না’, ‘মিসর ইসলামি রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ নয়’, ‘সেনাবাহিনীকে অবশ্যই ফিরে যেতে হবে’—এসব বলে স্লোগান দিতে থাকে।
বিকেলের মধ্যেই বিক্ষোভকারীর সংখ্যা হাজারে পরিণত হয়। কায়রোর বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা মিছিল করতে থাকে। তারা নির্বাচিত সরকার পুনর্বহালের দাবি জানায়। তাদের মধ্যে একটি অংশ সন্ধ্যা সাতটায় কারফিউ শুরুর আগ পর্যন্ত প্রেসিডেনশিয়াল প্যালেসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার বিভিন্ন স্থানে প্রায় ১০ হাজার মুরসি-সমর্থক বিক্ষোভ করে। এ ছাড়া সুয়েজ, ইসমাইলিয়া, পোর্ট সাঈদ ও আসুইত শহরেও গতকাল বিক্ষোভ-মিছিল হয়েছে।
তবে অন্যান্য শহরে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও কায়রোয় সেনাসদস্যদের সঙ্গে মুরসি-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার পাশাপাশি অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এ সময় ২০ জনের বেশি মুরসি-সমর্থক গ্রেপ্তার হন।
বিক্ষোভের আগে দেশটির সেনাসমর্থিত সরকার সতর্ক করে বলেছিল, বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে সরাসরি গুলি ছোড়া হবে।
সংঘর্ষের পর মন্ত্রিসভা একটি বিবৃতিতে জানায়, যে কেউ কারফিউ ভঙ্গ করুক না কেন, তার বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে।