মিসরে ধর্মঘটে রেল যোগাযোগ অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ট্রেনচালকদের ডাকে গতকাল রোববার রেল ধর্মঘটে দেশটির রেলব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে। মিসরের রেল কর্তৃপক্ষের প্রধান হুসেইন জাকারিয়া জানান, সরকার আগামী মাস থেকে ট্রেনচালকদের বেতন-ভাতা ১০ ভাগ বাড়ানোর প্রস্তাব করেছে। তবে ট্রেনচালকেরা এ প্রস্তাবকে প্রয়োজনের তুলনায় অনেক কম বলে তা প্রত্যাখ্যান করে ধর্মঘটের ডাক দিয়েছেন। ট্রেনচালকদের দাবি, বেতন-ভাতা বাড়ানোর পাশাপাশি ছুটির দিনের কাজেরও পারিশ্রমিক দিতে হবে। এ ছাড়া তাঁদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা চালু করতে হবে। জাকারিয়া আরও জানান, ধর্মঘট চলাকালে রেলব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়লেও যাত্রীদের সমস্যার কথা বিবেচনা করে ওই সব রুটে অতিরিক্ত বাস চালু করা হয়। মিসরে ট্রেনের চালকদের নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত দীর্ঘ শ্রম দিতে হয়। এ জন্য তাঁদের কোনো বাড়তি পারিশ্রমিক দেওয়া হয় না। এএফপি।