মিসরে নতুন দল গঠনে আইন অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে হোসনি মোবারকের শাসনামলে যেসব রাজনৈতিক নেতাকে দমন করে রাখা হয়েছিল তাঁদের নতুন করে রাজনৈতিক দল গঠনের পথ সুগম করতে একটি আইন অনুমোদন করা হয়েছে। গত বুধবার আইনটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত দলগুলো চলতি বছরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ধারণা করা হচ্ছে, নতুন এই আইনের মাধ্যমে ইতিমধ্যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডসহ বেশ কিছু নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটবে। হোসনি মোবারকের পদত্যাগের পর সম্প্রতি প্রথম কায়রো পরিদর্শনকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, মিসরীয় যাঁরা এত দিন রাজনীতিতে সক্রিয় ছিলেন, তাঁদের রাজনৈতিক দল ও সংগঠনগুলোর কাঠামো সংস্কারের সময় এসেছে। অন্তর্বর্তীকালীন ক্ষমতাসীন সেনাবাহিনী যত দ্রুত সম্ভব আগামী সেপ্টেম্বরে নির্বাচন দেওয়ার কথা ঘোষণা করেছে। নতুন দল গঠনে এ সময় যথেষ্ট কি না—এ নিয়ে দেশটিতে বিতর্ক চলছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে রবার্ট গেটস সেটি এড়িয়ে যান। মোবারকের শাসনামলে চাপের মুখে থাকা বেশ কিছু রাজনৈতিক দল বলছে, নির্বাচনের এ সময়সূচি ভালোভাবে সংগঠিত মুসলিম ব্রাদারহুডের পক্ষে গিয়েছে। রয়টার্স।