মিসরে নতুন মন্ত্রিসভার শপথ
প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাবের নেতৃত্বে মিসরের নতুন মিন্ত্রসভা শপথ নিয়েছে৷ গতকাল মঙ্গলবার সকালে শপথ নেওয়া মিন্ত্রসভার অধিকাংশ সদস্যই আগের সেনাসমর্থিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন৷ খবর এএফপির৷
শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়৷
এর আগে ৮ জুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সাবেক ফিল্ড মার্শাল সিসি৷ এরপর তিনি ইব্রাহিম মাহলাবকে মিন্ত্রসভা গঠনের দায়িত্ব দেন৷ গত জুলাইয়ে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করার নেতৃত্বে ছিলেন সিসি৷
নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সামেহ সৌকরি৷ স্বরাষ্ট্রে মোহাম্মদ ইব্রাহিম এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন যথারীতি সেনাপ্রধান জেনারেল সেকি সোবি৷
৩৪ সদস্যের মিন্ত্রসভায় সামেহ সৌকরিসহ নতুন মন্ত্রী হয়েছেন ১৩ জন৷ অন্যরা পূর্ববর্তী সেনাসমর্থিত সরকার থেকে আসা৷ সামেহ ওয়াশিংটনে মিসরের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তিনি নাবিল ফাহমির স্থলাভিষিক্ত হলেন৷
কায়রো বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞানের অধ্যাপক মুস্তফা কামাল বলেন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয় সাধারণত প্রেসিডেন্টের পছন্দে নিয়োগ হয়ে থাকে৷ নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগে অবশ্যই সেটাই হয়েছে৷
২০১১ সাল থেকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে টালমাটাল অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে নতুন করে বিনিয়োগ মন্ত্রণালয় করা হয়েছে৷