মিসরে নারী নির্যাতনের ভিডিও সরাবে না ইউটিউব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহরির স্কয়ারের যৌন নির্যাতনের শিকার নারীকে দেখতে হাসপাতালে যান  মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ্ আল সিসি। ছবি : টাইমস্ অব ইন্ডিয়া
তাহরির স্কয়ারের যৌন নির্যাতনের শিকার নারীকে দেখতে হাসপাতালে যান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ্ আল সিসি। ছবি : টাইমস্ অব ইন্ডিয়া

কায়রোর তাহরির স্কয়ারে এক নারীকে যৌন নির্যাতনের ঘটনার ভিডিও সরাতে মিসর সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইউটিউব। ইউটিউব বলেছে, তারা ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানায়। তবে কাউকে পরিষ্কারভাবে চিহ্নিত করা গেলে এবং তিনি ব্যক্তিগত গোপনীয়তার অভিযোগ তুললে অবশ্যই ছবি ও ভিডিও সরিয়ে নেওয়া হবে।

আইএসটির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, আবদেল ফাত্তাহ আল সিসির মিসরের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে তাহরির স্কয়ারে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। তাঁরা সেখানে আনন্দ-উত্সবে মেতে ওঠেন। সেখানে ওই নারীকে নির্যাতন করা হয় এবং তাঁকে রক্তাক্ত ও নগ্ন অবস্থায় টেনে নিয়ে যাওয়ার ভিডিও ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়।

প্রেসিডেন্ট সিসি গত সপ্তাহে ওই নারীকে দেখতে হাসপাতালে যান। তিনি যৌন নির্যাতনের জন্য মিসরের সব নারীর কাছে ক্ষমা চান। প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ওই নারী সামাজিক মাধ্যম থেকে তাঁর নির্যাতনের ভিডিওচিত্রটি ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন। পরে সরকারের পক্ষ থেকে ইউটিউব কর্তৃপক্ষের নির্যাতনের ছবি ও ভিডিও সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। ওই নারী ভিডিওচিত্রটি সরিয়ে নিতে বলেছেন বলেও ইউটিউবকে জানানো হয়। তবে ইউটিউব কায়রোর অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

তাহরির স্কয়ারে নির্যাতনের ওই ছবি ও ভিডিও প্রচারের পর থেকেই যৌন নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে  ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

২০১১ সালে মোবারকবিরোধী আন্দোলনের শুরু থেকেই তাহরির স্কয়ারে নারীদের ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটে চলছে। সম্প্রতি মিসর সরকার যৌন নির্যাতন বন্ধে নতুন আইন করেছে। এতে যৌন নির্যাতনের ন্যূনতম শাস্তি হিসেবে ছয় মাসের কারাদণ্ড অথবা তিন হাজার মিসরীয় পাউন্ড জরিমানার বিধান রাখা হয়েছে।