মিসরে নির্বাচন ফেব্রুয়ারি-মার্চে
মিসরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি বলেছেন, আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই তাঁর দেশে সাধারণ নির্বাচন হবে। পরে গ্রীষ্মে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।
পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি বলেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি) এতে অংশগ্রহণ করতে পারবে।
স্পেন সফরকালে গতকাল শুক্রবার এ কথা বলেন ফাহমি।
ফাহমির এ ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে মিসরের সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকছে না। আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে আবার নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর হবে।
রয়টার্সকে মন্ত্রী ফাহমি বলেন, মুরসির মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আদালত। তবে এর রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি এখনো বৈধ। তাই তারা পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে পারবে। রয়টার্স।