মিসরে পাল্টা ব্যঙ্গচিত্র
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফরাসি ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র ছাপানোর প্রতিবাদে এবার মিসরের একটি পত্রিকা পাল্টা ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। ‘ফাইট কার্টুনস উইথ কার্টুনস’ শিরোনামে গত সোমবার ১৩টি ব্যঙ্গচিত্র ছেপেছে আল-ওয়াতান নামের ওই পত্রিকাটি। পত্রিকায় ছাপানো একটি ব্যঙ্গচিত্রে একজোড়া চশমা দেখানো হয়েছে। সেই চশমার দুই কাচে সন্ত্রাসী হামলার শিকার টুইন টাওয়ার দেখা যাচ্ছে। ব্যঙ্গচিত্রটির ক্যাপশনে বলা হয়েছে, ‘মুসলিম বিশ্বের জন্য পশ্চিমা চশমা’। আরেকটি ব্যঙ্গচিত্রের বর্ণনা এমন, একজন শ্বেতাঙ্গ একজন দাড়িওয়ালা ব্যক্তির ওপর রেগে আছেন। কিন্তু তিনি জানতেন না ওই দাড়িওয়ালা একজন ইসরায়েলি এবং তিনি তার জন্য একটি ফুল নিয়ে এসেছেন। আরেকটি কার্টুনে দেখা যাচ্ছে, টুপিপরা দাড়িওয়ালা একজন মুসলমানের ওপর একটি মার্কিন টর্চলাইট থেকে আলো ফেলা হয়েছে। ওই আলোতে নিরপরাধ লোকটিকে সন্ত্রাসী বলে মনে হচ্ছে। পত্রিকাটির পাঠকেরা বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন। অনেকে প্রশংসা করে পত্রিকার ওয়েবসাইটে মন্তব্য পোস্ট করেছেন। একজন পাঠক মার্জিত এই প্রতিবাদের জন্য পত্রিকাটিকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘বুদ্ধির সঙ্গে বুদ্ধির লড়াই’।সম্প্রতি যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’-এর প্রতিবাদে মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়া ক্ষোভের মধ্যে ফরাসি একটি সাময়িকীতে মহানবী (সা.)কে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। বিবিসি।