মিসরে প্রেসিডেন্টের বাসভবনের সামনে গত সোমবার হোসনি মোবারক পতনের দুই বছর পূর্তির দিনে দেশটির দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভরত জনতার ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় ৩০ বছর শাসনের পর ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি প্রচণ্ড গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন মোবারক। বিক্ষোভকরীরা প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তায় ব্যবহূত কাঁটাতারের বেষ্টনী পেরিয়ে আসার চেষ্টা করলে এই সংঘর্ষ শুরু হয়। তাঁরা দেয়ালে ‘ক্ষমতা ছেড়ে দাও’ স্লোগান লেখেন ও পুলিশের ওপর পাথর ছোড়েন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। বর্তমান সরকারবিরোধীদের দাবি, প্রেসিডেন্ট মুরসির নেতৃত্বাধীন সরকার বিশ্বাসঘাতকতা করেছেন। মুরসি ও তাঁর দল মুসলিম ব্রাদারহুড ২০১১ বিপ্লবের মূল্যবোধ থেকে সরে এসেছে। এদিকে মুরসির পক্ষের লোকেরা বলছেন, বিরোধীরা মিসরের প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের পতন চাচ্ছেন। তাই তাঁরা গত ২৪ জানুয়ারি থেকে আন্দোলন করছেন। বিবিসি।