মিসরে পুলিশ ও বিরোধীদের সংঘর্ষ চলছেই
মিসরের রাজধানী কায়রোয় গত শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভকারীরা মুরসির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় তারা প্রাসাদের দেয়াল লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে মারে। পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও জলকামান থেকে পানি ছোড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। কায়রোর তাহরির স্কয়ারের কাছেও কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পোর্ট সাইদ শহরেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে। সপ্তাহ খানেক আগে মিসরে সরকারবিরোধী সহিংসতায় অন্তত ৬০ জন নিহত হয়। ২০১১ সালে ২৫ জানুয়ারি প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের দাবিতে সে দেশে বিক্ষোভ শুরু হয়। এই দিবস উদ্যাপনে গত মাসে নতুন করে আবার সরকারবিরোধী বিক্ষোভের ডাক দেয় মিসরের উদার ও বামপন্থী বিরোধী দলগুলো।নিজের ফেসবুক পেজে প্রেসিডেন্ট মুরসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দিতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা সর্বাত্মক তৎপরতা চালাবেন। আর সহিংসতার নেপথ্যে যেসব গোষ্ঠী কাজ করছে, তাদের রাজনৈতিকভাবে জবাবদিহি করতে হবে।’মুরসির সমর্থকেরা বলছেন, মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাতের জন্য রাজপথে আন্দোলন জোরদার করার ষড়যন্ত্র করছে বিক্ষোভকারীরা। বিবিসি।