মিসরে পুলিশ দপ্তরে গাড়িবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের আঞ্চলিক পুলিশ সদর দপ্তরে গাড়িবোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাজধানী কায়রোর উত্তরের মানসুরা শহরে এই হামলা চালানো হয়। শহরটি দাকাহলিয়া প্রদেশের রাজধানী।

শেষ খবর পাওয়া পর্যন্ত কেউই এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে প্রধানমন্ত্রী হাজেম বেবলাবি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মুসলিম ব্রাদারহুডের দিকে সন্দেহের তির ছুড়েছেন। তিনি দলটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে ঘোষণা দিয়েছেন। অবশ্য সংগঠনটি এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করার পাশাপাশি এই ঘটনার নিন্দা জানিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের পথে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন সেটি ঠেকাতে এই হামলা চালানো হয়েছে। তবে সন্ত্রাসবাদ সফল হবে না। গণতন্ত্রের পথে উত্তরণের রূপরেখা বাস্তবায়ন প্রতিহত করতে পারবে না।

মুসলিম ব্রাদারহুড এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তরে হামলার নিন্দা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে। এতে বলা হয়, জান্তা সরকারের ‘পুতুল’ প্রধানমন্ত্রী বেবলাবি এ ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে নিরপরাধ মিসরীয়দের রক্তের সঙ্গে প্রতারণা করছেন। আরও সংঘাত, রক্তপাত ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।

দাকাহলিয়া প্রদেশের গভর্নর ওমর আল শাওয়াতসি বলেন, মানসুরা শহরে হতাহত ব্যক্তিদের বেশির ভাগই পুলিশের সদস্য। স্থানীয় সময় গত সোমবার দিবাগত রাত একটার দিকে বিকট শব্দে ওই বিস্ফোরণ ঘটে। এতে সৃষ্ট কম্পন প্রায় ২০ কিলোমিটার দূরেও অনুভূত হয়।

হামাদা আরাফাত নামের একজন স্কুলশিক্ষক বলেন, মুসলিম ব্রাদারহুড আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। মানসুরা শহরে হামলার দায় সংগঠনটিকে নিতে হবে। তারা এখন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার কৌশল অবলম্বন করছে। এএফপি ও রয়টার্স।