মিসরে নির্বাচনী সময়সূচি প্রত্যাখ্যান ব্রাদারহুডের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে নতুন গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়সূচি প্রত্যাখ্যান করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক প্রভাবশালী রক্ষণশীল ইসলামি গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর নতুন গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সময়সূচি-সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন। ডিক্রির বিস্তারিত বার্তা আজ মঙ্গলবার সকালে অনলাইনে প্রকাশ করা হয়েছে।
ডিক্রিতে বলা হয়, মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর স্থগিত করা সংবিধান সংশোধনের লক্ষ্যে পর্যালোচনার জন্য আগামী ১৫ দিনের মধ্যে একটি প্যানেল গঠন করা হবে। সংবিধানের সংশোধনী চূড়ান্ত করে আগামী চার মাসের মধ্যে তা গণভোটে দেওয়া হবে। এর ধারাবাহিকতায় ২০১৪ সালের শুরুর দিকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হবে।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট কর্তৃক ঘোষিত ক্ষমতা হস্তান্তরের এই সময়সূচি প্রত্যাখ্যান করে মুসলিম ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতা এসাম এল এরিয়ান বলেন, সংবিধান সংশোধন ও আগামী বছর নির্বাচনের পরিকল্পনা দেশকে আরেকটি তাহরীর স্কয়ারে পরিণত করবে।
সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তাঁর ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের কর্মী-সমর্থকেরা ধারাবাহিকভাবে বিক্ষোভ করে যাচ্ছে।
গতকাল সোমবার মিসরের রাজধানী কায়রোতে মুরসির সমর্থকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়েছে সেনাসদস্যরা। এতে অন্তত ৫১ জন নিহত ও ৪৩৫ জন আহত হয়।
এই হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনা তদন্তে বিচার বিভাগীয় একটি কমিটি গঠনেরও ঘোষণা দেওয়া হয়েছে।
গত ৩০ জুন ছিল মুরসির দায়িত্ব গ্রহণের এক বছরপূর্তি। ৩ জুলাই রাতে মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে দেশের সংবিধান স্থগিত করে প্রধান বিচারপতি আদলি মানসুরকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়।