মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে আদালতের স্থগিতাদেশ
মিসরে ২৩ মে থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের ওপর গত বুধবার স্থগিতাদেশ দিয়েছেন দেশটির একটি প্রশাসনিক আদালত। তবে সে দেশের আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই স্থগিতাদেশে নির্বাচন বন্ধ না-ও হতে পারে। অনেকের মতে, এ ধরনের স্থগিতাদেশ দেওয়ার অধিকার ওই আদালতের নেই। প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা এবং নির্বাচনের প্রস্তুতিও চলছে।প্রশাসনিক আদালতের মতে, নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। ক্ষমতাসীন সেনা পরিষদেরই তারিখ ঘোষণার কথা থাকলেও তারা করেনি। নির্বাচনের তারিখ ঘোষণা করেছে একটি স্বাধীন নির্বাচন কমিশন। এই কারণ দেখিয়েই নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন ওই প্রশাসনিক আদালত।মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানায়, নির্বাচন কমিশন ২৩ মে নির্বাচনের তারিখ ঘোষণা করে নিয়ম ভঙ্গ করেছে বলে আদালত তাঁর রায়ে উল্লেখ করেন। আইন বিশেষজ্ঞরা জানান, ঘোষিত সময়সূচি অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশা করছেন। তা ছাড়া প্রশাসনিক আদালতের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আইনজীবীরা সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টে আবেদন করবেন।আইনজীবী ও সেঞ্চুরি ফাউন্ডেশনের গবেষক মিখায়েল ওয়াহিদ হান্না বলেন, ‘আদালতের রায়ের ফলে নির্বাচনের সময়সীমা পরিবর্তিত হলে তা খুবই খারাপ হবে। কেননা, ক্ষমতাসীন জেনারেল, তাঁদের অন্তর্বর্তী ঘোষণা এবং দেশের সংবিধানকে পাশ কাটিয়ে এ রায় দেওয়া হয়েছে।’ ওয়াহিদ হান্না আরও বলেন, ‘এটাকে একটি কার্যকর আইনি ব্যবস্থা ভাবাই মূর্খামি হবে।’ক্ষমতাসীন সেনা পরিষদও গত বুধবার এক বিবৃতিতে জানায়, আদালতের এই রায়ের ফলে নির্বাচন স্থগিত হওয়ার কোনো আশঙ্কা নেই।গণ-অভ্যুত্থানের মুখে গত বছর ক্ষমতা ছাড়েন মিসরের দীর্ঘদিনের প্রেসিডেন্ট হোসনি মোবারক। এরপর ক্ষমতা গ্রহণ করে দেশের সেনাবাহিনী। প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সেনাবাহিনী একটি বেসামরিক সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে।প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন প্রার্থী। ভোট গ্রহণ করা হবে ২৩ ও ২৪ মে। তবে এই দফায় যদি কোনো যোগ্য প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পান, তাহলে আগামী ১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে।