মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
হোসনি মোবারকের পতনের পর মিসরে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন গতকাল বুধবার এ তারিখ ঘোষণা করে।মিসরের নির্বাচন কমিশনের প্রধান ফারুক সুলতান জানান, আগামী ২৩ ও ২৪ মে প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত হবে চূড়ান্ত দফা ভোট গ্রহণ। তিনি আরও জানান, প্রথম দফা নির্বাচনে কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট পেতে ব্যর্থ হলে ১৬ ও ১৭ জুন আরেক দফা নির্বাচন হবে। ওই নির্বাচনে দুই শীর্ষ প্রার্থীর মধ্যে লড়াই হবে। ২১ জুন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।হোসনি মোবারক সরকারের পতনের পর দেশটির শাসনক্ষমতায় আরোহণকারী সামরিক পরিষদ বলেছে, তারা প্রেসিডেন্ট নির্বাচনের পর বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। একটি নতুন সংবিধানের খসড়া প্রণয়নে ১০০ সদস্যের দল গঠনে আগামীকাল শনিবার নবগঠিত পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করা হয়েছে। গণভোটের মাধ্যমে এই খসড়া অনুমোদন হলেই কেবল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।তবে ফারুক সুলতান সময়মতোই সংবিধান প্রণয়নের ব্যাপারে যথেষ্ট আশাবাদী, যাতে ১০ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশন প্রেসিডেন্ট পদের মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ এবং ২৬ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারে। এএফপি।