মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের দিকে সতর্ক দৃষ্টি রাখছে ইসরায়েল
মিসরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশী ইসরায়েল। এ জন্য দেশটি মিসরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে সতর্ক দৃষ্টি রাখছে। ইসরায়েলের মূল আশঙ্কা ৩৩ বছর আগে মিসরের সঙ্গে সম্পাদিত শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে। অবশ্য এগিয়ে থাকা দুই প্রেসিডেন্ট প্রার্থীই প্রতিশ্রুতি দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে করা শান্তিচুক্তির প্রতি তাঁরা সম্মান দেখাবেন। তবে ফিলিস্তিন সম্পর্কে দুই প্রার্থীর দৃষ্টিভঙ্গিগত বিরাট পার্থক্য রয়েছে। বিশেষ করে ফিলিস্তিনের বিবদমান দুটি পক্ষ ফাতাহ ও হামাসের ব্যাপারে দুই প্রার্থীর অবস্থান এক নয়।ব্রাদারহুডসহ অন্য ইসলামপন্থী দলগুলো মোবারকের পতনের পর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রেসিডেন্ট পদেও ব্রাদারহুডের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। ইসরায়েলের মূল আশঙ্কা কট্টর ইসলামপন্থী এ সংগঠনটি নিয়েই।নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট, সরকার, পার্লামেন্ট, সেনাবাহিনী এবং জনগণের মতামত—এসবের ভারসাম্যই আসলে মিসরের ভবিষ্যৎ এবং ইসরায়েলসহ প্রতিবেশীদের সঙ্গে দেশটির সম্পর্ক কেমন হবে তা নির্ধারণ করবে। মিসরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে এগিয়ে থাকা ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি ও ধর্মনিরপেক্ষ চেতনায় বিশ্বাসী আহমেদ শফিক আগামী জুন মাসে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। আহমেদ শফিক গণ-আন্দোলনে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হওয়া সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তিনি মোবারকের শেষ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন। কাজেই আহমেদ শফিক প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েল স্বস্তিবোধ করবে। অন্যদিকে ফিলিস্তিনের কট্টরপন্থী দল হামাসের মতাদর্শিক মিত্র ব্রাদারহুডের জয় তাদের করবে উদ্বিগ্ন। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের ‘অন্যায়’ আচরণের প্রতিবাদকারী হিসেবে ব্রাদারহুডের প্রার্থী মুরসি সুপরিচিত। মিসরের নতুন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইসরায়েলের ভেতরে শঙ্কা কাজ করলেও দেশটির সরকার এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে। ইসরায়েলি নেতাদের ভয়, মিসরের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এখনই অযাচিতভাবে কোনো মন্তব্য করলে হিতে বিপরীত হতে পারে। নিউইয়র্ক টাইমস।