মিসরে প্রেসিডেন্ট ভবনের বাইরে বিক্ষিপ্ত সংঘর্ষ
মিসরের প্রেসিডেন্ট মোহামঞ্চদ মুরসির পদত্যাগের দাবিতে বিক্ষোভরত জনতা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে গত শনিবার রাতভর বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা গতকাল রোববার এ কথা জানান। শুক্রবার প্রেসিডেন্ট ভবনের বাইরে সৃষ্ট সহিংসতায় একজনের প্রাণহানি ঘটে। তবে রাতভর চলা সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার রাতে কয়েক শ তরুণ প্রেসিডেন্ট ভবনের বাইরে জড়ো হয়ে ভবনের দেয়ালে পাথর ও পেট্রল বোমা নিক্ষেপ করেন। বিক্ষোভকারীদের সূত্রে জানা গেছে, শুক্রবার নিহত তরুণের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরা সেখানে সমবেত হয়েছেন। এ সময় মুরসির পদত্যাগের দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। শুক্রবারের সংঘর্ষে ২৩ বছর বয়সী এক তরুণ নিহত ও ৯১ জন আহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার তাঁদের ১৫ জন সদস্য গুলিতে আহত হয়েছেন।এদিকে একটি ভিডিওচিত্রে দেখা যায়, শুক্রবার বিক্ষোভ চলাকালে হামাদা সাবের নামের এক ব্যক্তিকে পিটিয়ে বিবস্ত্র করে পুলিশ। কিন্তু শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে হামাদার একটি সাক্ষাৎকার সম্প্র্রচার করা হয়। এতে হামাদা বলেন, পুলিশ নয়, বিক্ষোভকারীরাই তাঁকে পিটিয়েছেন। তিনি বলেন, ‘একদল লোককে দৌড়াতে দেখি। এ পর্যায়ে আমার এক পায়ে গুলিবিদ্ধ হয়, আমি রাস্তায় পড়ে যাই। এ সময় ওরা (বিক্ষোভকারীরা) আমাকে ঘিরে ধরে পেটায়। সেনারাও আমার দিকে ছুটে আসে। এতে আমি আতঙ্কিত হই। কিন্তু সেনারা আমাকে মারবে না বলে আশ্বস্ত করে। পরে আমাকে পুলিশ হাসপাতালে নেওয়া হয়।’বিরোধীদের দাবি, পুলিশের ভয়ে সাবের এসব কথা বলছেন। এএফপি ও রয়টার্স।