মিসরের সরকার গত সোমবার পদত্যাগ করেছে। এতে সুবিধাই হয়েছে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ আল-সিসির। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তিনি এখন সহজেই নিজের নাম ঘোষণা করতে পারবেন।
ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত জুলাইয়ে ক্ষমতাচ্যুত করার পর তাঁর দল মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীদের বিরুদ্ধে সামরিক অভিযানে শতাধিক মানুষ নিহত হয়। কারাবন্দী হয়েছে কয়েক হাজার মানুষ। সমালোচকেরা বলছেন, কায়রোর সেনা-সমর্থিত কর্তৃপক্ষ আবার মিসরকে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের শাসনব্যবস্থার মতোই পুরোনো ধারায় ফিরিয়ে নিতে চাইছে। তখন অভিজাত রাজনীতিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে কঠোর শাসনের প্রচলন ছিল।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাওয়ির কাজ করার কথা ছিল সাধারণ নির্বাচন পর্যন্ত। তিনি পদত্যাগের স্পষ্ট কোনো কারণ উল্লেখ করেননি। তবে তাঁর সরে দাঁড়ানো সিসির জন্য প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দিল।
মিসরের এক কর্মকর্তা জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাঁকে প্রথমে প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়া জরুরি ছিল। তিনি একা পদত্যাগ করতে চাননি বলেই মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন।
মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের পর একটি রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন সিসি। কিন্তু বৃহত্তম আরব দেশটিতে ২০১১ সালে হাজার হাজার মানুষ আন্দোলনের মাধ্যমে মোবারককে উৎখাতের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক ভবিষ্যতের যে স্বপ্ন দেখেছিল, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি।
কয়েক মাসের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন হবে। যুক্তরাষ্ট্র মুরসিকে উৎখাতের সময় মিসরের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তবু দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহাল রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর মিসরের অন্তর্বর্তী সরকারের পদত্যাগে বিস্ময় প্রকাশ করে। ওয়াশিংটন এখন মিসরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বেসামরিক গণতান্ত্রিক সরকারে উত্তরণের পথে মিসরের অগ্রযাত্রার ওপর গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র।
মুরসিকে উৎখাতের পর মিসরের আধুনিক ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত রাজনৈতিক পরিস্থিতির আবির্ভাব ঘটে। মুসলিম ব্রাদারহুডের শত শত সমর্থক নিহত, সহস্রাধিক আটক ও শীর্ষ নেতারা বিচারের মুখোমুখি হন। বর্তমান প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাবের নেতৃত্বাধীন নতুন সরকারও মুসলিম ব্রাদারহুডের ওপর দমন-পীড়নের নীতি বহাল রাখবে বলেই ধারণা করা হচ্ছে।