মিসরে বন্দুকধারীদের গুলিতে ১৬ সীমান্তরক্ষী নিহত
ইসরায়েলি সীমান্তের কাছে গত রোববার হামলা চালিয়ে মিসরের ১৬ সীমান্তরক্ষীকে হত্যা করেছে বন্দুকধারীরা। একই সঙ্গে তারা সীমান্তরক্ষীদের দুটি সাঁজোয়া যান ছিনতাই করে নিয়ে ইসরায়েলে প্রবেশ করেছে।মিসরের এক চিকিৎসা কর্মকর্তা জানান, বেদুঈনদের পোশাক পরা বন্দুকধারীরা দুটি গাড়িতে চড়ে কার্ম আবু সালেমের সীমান্তসংযোগের কাছের একটি সেনাচৌকিতে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে।স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় ১৬ জন সেনা ও সীমান্তরক্ষী প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানিয়েছে, বন্দুকধারীরা ইসলামপন্থী হামাস-শাসিত গাজা ভূখণ্ড থেকে এসে হামলা চালায়। ‘পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত’ মিসর গাজা ভূখণ্ডের সঙ্গে দেশটির রাফাহ সীমান্ত বন্ধ রাখবে। রাফাহ সীমান্ত হচ্ছে গাজা ও বহির্বিশ্বের মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণমুক্ত একমাত্র সংযোগস্থল।হামলার পর মিসরীয় প্রেসিডেন্ট মোহামেদ মুরসি স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। মুরসি টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ‘নিরাপত্তাবাহিনী সিনাই এলাকার পুরো নিয়ন্ত্রণ গ্রহণ করবে।’ তিনি জানান, যারা এই হামলা চালিয়েছে এবং যারা হামলাকারীদের সহায়তা করেছে তাদের সবাইকেই চরম মূল্য দিতে হবে।ইসরায়েলের মুখপাত্র লে. কর্নেল আবিতাল লিবোবিচ সাংবাদিকদের বলেন, ছিনতাই করা গাড়ি দুটির একটি আপনা থেকে বিস্ফোরিত এবং অপরটি মিসরীয় বাহিনীর হেলিকপ্টার হামলায় ধ্বংস হয়। এএফপি।