মিসরে বাস-ট্রেন সংঘর্ষে ৪৭ শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ট্রেনের সঙ্গে একটি বাসের সংঘর্ষে ৪৭ জন শিশু নিহত ও ১৩ জন আহত হয়েছে। দেশটির আসিউত প্রদেশে গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। হতাহত শিশুরা একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।দুর্ঘটনার পরপরই দেশটির রেলমন্ত্রী রাশেদ আল-মেথেনি এবং রেলওয়ে বিভাগের প্রধান পদত্যাগ করেছেন।প্রাদেশিক গভর্নর ইয়েহইয়া কেশক মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে ৬০ জন শিশু বাসযোগে শিক্ষামূলক সফরে যাচ্ছিল। পথে মানফালুত এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় বাসটির সঙ্গে একটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষ হয়। রাজধানী কায়রো থেকে ৩৫৬ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। আহত ১৩ শিশু বর্তমানে আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসায় ৪৫ জন চিকিৎসকের একটি দল নিযুক্ত রয়েছে।আসিউতের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৪৭ জনই শিশু, যাদের বয়স চার থেকে আট বছরের মধ্যে। এ ছাড়া এক নারী ও এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাসচালক বলে ধারণা করা হচ্ছে। মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের সব ধরনের সহায়তার জন্য প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং আসিউত প্রদেশের গভর্নরকে নির্দেশ দিয়েছেন। মোহাম্মদ মুরসি নিহত সবার পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হিশাম কানদিল।প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিংয়ের গেট নামানো না থাকায় বাসটি রেললাইন পার হওয়ার সময় ট্রেন এসে বাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটে। দুর্ঘটনাস্থলে হতাহতদের স্বজনেরা বিক্ষোভ করে। তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তার বিষয়ে কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি শান্ত হয়। মিসরের রেল যোগাযোগব্যবস্থায় অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। ২০০২ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩৬০ জন নিহত হয়। এএফপি ও রয়টার্স।