মিসরে বিক্ষোভ অব্যাহত, হতাহতের সংখ্যা বেড়েছে
মিসরের রাজধানী কায়রোয় সরকারবিরোধী বিক্ষোভ গতকাল শনিবার তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল। ফুটবল মাঠে সহিংসতায় গত বুধবার ৭৪ জনের নিহত হওয়ার জের ধরে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ শুরুর পর থেকে কায়রো ও সুয়েজ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত নয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কয়েকটি হাসপাতালের কর্মকর্তারা। সুয়েজ শহরে শুক্রবার রাতে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সহিংসতায় এ পর্যন্ত দুই হাজার ৫৩২ জন আহত হয়েছে। এদিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ায় পুলিশ সদর দপ্তরের বাইরে রাতের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন এক আহত সেনাসদস্য গত শুক্রবার মারা গেছেন। কায়রোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গত বৃহস্পতিবার আহত হয়েছিলেন তিনি।কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ারের অদূরে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে প্রহরারত পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারলে দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও গুলিবর্ষণ করে পুলিশ। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সরকারের কর কর্তৃপক্ষের একটি ভবন বিক্ষোভকারীদের ধরিয়ে দেওয়া আগুনে পুড়ে যায়। এদিকে কায়রোর বিভিন্ন ফুটবল ক্লাবের সমর্থকেরা বিশাল এক বিক্ষোভে অংশ নেন। তাঁরা এক বছর আগে হোসনি মোবারকের পতনের দাবিতে অনুষ্ঠিত গণবিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উত্তরাঞ্চলীয় পোর্ট সৈয়দ শহরে বুধবারের ফুটবল-দাঙ্গার পেছনে মোবারকপন্থীদের ইন্ধন ছিল বলে মন্তব্য করেছেন অনেকে। মোবারকের পতনের পর ক্ষমতাসীন সামরিক সরকারের প্রতি জনতার ক্ষোভ বেড়েই চলেছে। দেশটিতে সার্বিক অব্যবস্থাপনা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য সরকারকে দায়ী করা হচ্ছে। তবে চলমান অস্থিরতার জন্য ‘দেশি-বিদেশি চক্রান্ত’কে দায়ী করেছে ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এসসিএএফ বলেছে, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দেশের সবার অংশগ্রহণ প্রয়োজন। এএফপি।