মিসরে বিক্ষোভ দমনে নতুন আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে গণবিক্ষোভের ওপর বিধিনিষেধ আরোপ করে নতুন একটি আইন চালু করছে সেনাসমর্থিত সরকার। এ আইনের আওতায় পুলিশের পূর্বানুমতি ছাড়া কেউ বিক্ষোভ করতে পারবে না। আইনটিতে রোববার সই করেছেন প্রেসিডেন্ট আদলি মানসুর। এটাকে ‘দমনমূলক’ আইন আখ্যায়িত করেছে মানবাধিকার সংগঠনগুলো।
অনেকে মনে করছেন, মূলত মিসরের ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের দমন করতে নতুন এ আইন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত তিন বছরে ব্যাপক গণবিক্ষোভের মুখে মিসরের দুজন প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হয়েছেন। এমনকি গত রোববার যখন প্রেসিডেন্ট মানসুর আইনটিতে সই করেন, তখনো দেশজুড়ে বিক্ষোভ চলছিল। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির হাজার হাজার সমর্থক এদিন কায়রোসহ বিভিন্ন শহরে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে কায়রোর দুটি স্থানে অবস্থান নিয়ে আন্দোলন করেছিলেন ব্রাদারহুড-সমর্থকেরা। তাঁদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী অভিযানের ১০০তম দিন স্মরণে ওই বিক্ষোভের আয়োজন করে ব্রাদারহুড। গত আগস্টে ওই অভিযানে এক হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছিল।
সরকারবিরোধী বিক্ষোভের জের ধরে গত ৩ জুলাই ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিসরের সামরিক বাহিনী। ওই ঘটনার পর থেকেই তাঁকে পুনর্বহাল করার দাবিতে টানা আন্দোলন করে আসছেন ইসলামপন্থীরা।
এদিকে মিসরের ১৯টি মানবাধিকার সংগঠন এক যৌথ বিবৃতিতে নতুন আইনটি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, এ আইন সব ধরনের শান্তিপূর্ণ সমাবেশকেও অপরাধমূলক কর্মকাণ্ড বলে গণ্য করেছে। বিবিসি।