মিসরে বিক্ষোভ দিবসে নিহত অর্ধশতাধিক

মিসরে আজ শুক্রবার ‘বিক্ষোভ দিবস’ পালনকালে কমপক্ষে ৫০ ব্যক্তি নিহত হয়েছেন। রয়টার্স জানায়, গত বুধবার পুলিশের অভিযানে হাজারখানেক মানুষ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মুসলিম ব্রাদারহুড পার্টি আজ ‘বিক্ষোভ দিবসের’ ডাক দিয়েছিল। কায়রোর বিভিন্ন স্থানে স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে। এ ছাড়া রাজধানীর র্যামেসিজ চত্বরে থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

যেখানেই মুসলিম ব্রাদারহুডের কর্মীরা সংগঠিত হয়েছেন, সেখানেই খুব নিচ দিয়ে সামরিক হেলিকপ্টার উড়তে দেখা যায়।এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, তিনি একটি মসজিদে কাফন মোড়ানো ২৭টি লাশ দেখেছেন। তাদের প্রত্যেকের শরীরে গুলি বা ছররা গুলির আঘাতের চিহ্ন ছিল।কায়রো ছাড়াও মিসরের অন্যান্য স্থানে কমপক্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছেন।সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও বর্তমানে কারাবন্দি মোহাম্মদ মুরসির সমর্থকেরা তাঁর মুক্তি ও স্থগিত করা সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গত ৩ জুলাই থেকে বিক্ষোভ চালাচ্ছিল। গত বুধবার কায়রোর দুটি স্থানে মুরসি সমর্থকদের অবস্থান ধর্মঘটের ওপরে ব্যাপক পুলিশী অভিযানে শত শত মানুষ প্রাণ হারায়। আহত হয় কয়েক হাজার মানুষ।
গত পরশু দেশজুড়ে কারফ্যু জারির পর থেকে প্রধান প্রধান সড়কগুলোতে সেনা যানগুলোকে টহল দিতে দেখা গেছে। আজও অবস্থা অপরিবর্তিত ছিল। কায়রোর প্রধান সড়ক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশের সড়কগুলোতে টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। কোনো সরকারি ভবনে কাউকে হামলা করতে দেখা গেলেই সেনারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে।
আজ কায়রোর বিক্ষোভে অংশ নেওয়া সারা আহমেদ (২৮) নামের এক ব্যবসায়ী বলেন, ‘আজ হোক বা কাল আমি মরবই। বিছানায় শুয়ে থেকে মরে যাওয়ার চেয়ে অধিকার আদায় করতে গিয়ে মরাই শ্রেয়। বন্ধুককে আর ভয় পাই না।’
জনসমাবেশে উপস্থিত নারীদের মধ্যে ব্যতিক্রম ছিলেন সারা। তিনি কোনো হিজাব পরেননি। চুল ছিল খোলা। সারা বলেন, ‘এর (বিক্ষোভের) সঙ্গে ব্রাদারহুডের সম্পর্ক নেই, এটি মানবাধিকারের বিষয়।’
আজকে বিক্ষোভকারীরা সরাসরি সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এবং সমাবেশের বক্তরা সব ঘটনার জন্য তাঁকেই দায়ী করেছেন।
দুপুরে কায়রোর তীব্র গরমে হাজার হাজার মানুষের সঙ্গে মিছিল করতে করতে মুস্তাফা ইবরাহিম (৩৭) বলেন, ‘মানুষ চায় ওই কসাইটার (আল-সিসির) মৃত্যু।
মৃত্যু
কায়রোর বাইরে দামিয়েত্তা শহরে আটজন প্রতিবাদী, ফৈয়মে পাঁচজন, ইসমাইলিয়া শহরের সুয়েজে চারজন ও তনতা শহরে চারজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়াতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানিয়েছে, রাজধানীর উত্তরে এক ভারাটে পুলিশ নিহত হয়েছেন। নাইল টিভির ভিডিওচিত্রে দেখা গেছে, ইসলামপন্থীদের মধ্য থেকে এক ব্যক্তি পুলিশ ও সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে।