মিসরে বিক্ষোভকারীদের ওপর হামলা, নিহত ১২
মিসরে ক্ষমতাসীন জেনারেলদের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর হামলায় অন্তত ১২ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। কায়রোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে গতকাল বুধবার ভোরে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত এই হামলা চালায়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়েছে, হামলাকারীরা আগুনে বোমার বিস্ফোরণ ঘটায় ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে শটগান থেকে গুলি ছোড়ে। এ ছাড়া বিক্ষোভকারীদের মুগুর দিয়ে পেটায় ও তাঁদের দিকে পাথর ছুড়ে মারে। কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল ভোরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের সঙ্গে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষ হয়। ওই এলাকায় স্থাপিত অস্থায়ী হাসপাতালের এক চিকিত্সক এএফপিকে বলেন, এই সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ব্যক্তির সংখ্যা নয়জন।বিক্ষোভকারীদের অধিকাংশই রাজনীতিবিদ হাজেম আবু ইসমাইলের সমর্থক। তাঁর মায়ের মিসর ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকার অপরাধে গত শনিবার ইসমাইলের প্রেসিডেন্ট পদে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ওই দিন থেকেই সামরিক শাসন অবসানের দাবিতে তাঁর কয়েক শ সমর্থক আব্বাসিয়া এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে আসছিলেন।আবু ইসমাইলের অভিযোগ, তিনি ক্ষমতাসীন সামরিক কর্তৃপক্ষের ‘ষড়যন্ত্রের’ শিকার। এদিকে সেনা কর্তৃপক্ষ বলেছে, সম্ভাব্য সহিংসতা ঠেকাতে আব্বাসিয়া এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এএফপি ও বিবিসি।