মিসরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৬১
মিসরের রাজধানী কায়রোতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৬১ জন আহত হয়েছে। কায়রোর চিকিৎসা কর্মকর্তারা গত মঙ্গলবার এ তথ্য জানান। গত বছর কায়রোর রাজপথে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে সোমবার বিক্ষোভ শুরু হয়। পরদিন মঙ্গলবারও বিক্ষোভ হয়। গত বছর ওই সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছিল।মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে বিক্ষোভকারীরা রাস্তায় দেওয়া প্রতিবন্ধকতা সরানোর চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তারা পুলিশের দিকে ইট-পাটকেল ও পেট্রল বোমা ছোড়ে। পুলিশও পাল্টা জবাব দেয়। এতে উভয় পক্ষের ৬১ জন আহত হয়। গত বছরের নভেম্বরে তাহরির স্কয়ারের কাছে রাজপথে সংঘটিত ওই সহিংসতা ‘মোহাম্মদ মাহমুদ ইভেন্ট’ নামে পরিচিত ছিল। হোসনে মোবারকবিরোধী গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা গত বছর অবস্থান ধর্মঘট পালনকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছিল। তখন ছয় দিন ধরে সহিংসতা চলেছিল। ওই সহিংসতার পর তৎকালীন সামরিক শাসক ক্ষমতা হস্তান্তরে আরও চাপে পড়েছিল। বিবিসি।