মিসরে বেলুন বিধ্বস্ত, ১৯ পর্যটক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের লুক্সর শহরে গতকাল মঙ্গলবার একটি গ্যাসবেলুন বিধ্বস্ত হয়ে ১৯ জন পর্যটক নিহত হয়েছেন। পর্যটকদের মধ্যে ব্রিটেন, ফ্রান্স, হংকং ও জাপানের নাগরিকেরা রয়েছেন। বেলুনে পাইলটসহ ২১ জন ছিলেন।কর্মকর্তারা জানান, বেলুনটি এক হাজার ফুট (৩০০ মিটার) উঁচু দিয়ে ওড়ার সময় তাতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বিবিসিকে বলেন, দুর্ঘটনায় পড়ার পর পর্যটকেরা আত্মরক্ষায় প্রায় সাততলা ভবনের সমান উচ্চতা থেকে লাফিয়ে পড়েন। বেলুনের পাইলটসহ দুজন বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে।মিসরের নীল নদের তীরবর্তী লুক্সর শহরটিতে প্রাচীন ফারাও শাসনামলের নিদর্শনের ধ্বংসাবশেষ রয়েছে।কর্মকর্তারা জানান, আকাশ থেকে লুক্সরের কর্নক মন্দির, ভ্যালি অব দ্য কিংসের রাজকীয় সমাধিক্ষেত্রের মতো বিখ্যাত সব স্থাপনার দৃশ্য উপভোগ করতে অনেক পর্যটকই এ ধরনের বেলুনে ভ্রমণ করে থাকেন।বিবিসি জানায়, দুর্ঘটনাকবলিত বেলুনটিতে একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে সেটি লুক্সরের অদূরে একটি কৃষিজমিতে গিয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী মার্কিন আলোকচিত্রী ক্রিস্টোফার মাইকেল বলেন, বেলুনটি বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে তিনি একটি বিস্ফোরণের শব্দ শোনেন এবং বেলুনটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। বিবিসি ও এএফপি।