মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে নিয়ে ‘ব্যঙ্গ-বিদ্রূপ’ করার অভিযোগে দেশটির একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গ রচয়িতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বাসেম ইউসেফ নামের ওই ব্যঙ্গ রচয়িতার বিরুদ্ধে এর আগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।সম্প্রতি প্রেসিডেন্ট মুরসি নিজ ক্ষমতা বাড়িয়ে ডিক্রি জারির পর বাসেম তাঁকে নিয়ে একটি স্কেচ তৈরি করেন। এতে মুরসিকে ‘সুপার মুরসি’ আখ্যায়িত করে তাঁকে একজন ফারাও হিসেবে চিত্রিত করা হয়। এ ছাড়া প্রেসিডেন্টের বক্তৃতা নিয়ে প্যারডিও রচনা করেন তিনি।টেলিভিশনে সম্প্রচারিত একটি অনুষ্ঠানে বাসেম প্রেসিডেন্ট মুরসির ‘অবস্থানকে খাটো’ করেন বলে অভিযোগ ওঠে।পৃথক ঘটনায় ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগে একটি স্বাধীন সংবাদপত্রের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানিয়েছে পত্রিকাটির কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট কার্যালয় থেকে ওই অভিযোগ তোলা হয়েছে। মিসরে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মুখে এসব ঘটনা ঘটল।গণ-অভ্যুত্থানে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর ইন্টারনেটে জনপ্রতিনিধিদের নিয়ে হাস্যরসাত্মক রচনা ছেপে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন পেশায় একজন চিকিৎসক বাসেম ইউসেফ। বিবিসি।