মিসরে ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। ফলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আগামী ১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাথমিক ফলাফল অনুযায়ী মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মেদ মুরসি ও সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিকের মধ্যে এ লড়াই হতে যাচ্ছে। গতকাল শুক্রবার মোট ১৩ হাজার ভোটকেন্দ্রের ১১ হাজারের বেশি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মুরসি ২৬ শতাংশ ও শফিক ২৪ শতাংশ ভোট পেয়েছেন। মোবারকের শাসনের ঘোরতর বিরোধী হিসেবে পরিচিত হামদিন সাব্বাহি রয়েছেন তৃতীয় অবস্থানে। নির্বাচনের চূড়ান্ত আনুষ্ঠানিক ফলাফল আগামী মঙ্গলবার ঘোষণা করার কথা।মিসরীয় সমাজের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রার্থী মুরসি ও শফিককে বিচার করা হচ্ছে। একদিকে মুরসি কট্টর ইসলামপন্থী আর শফিক ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে পরিচিত। মোবারকের শাসনামলে দায়িত্ব পালন করা সর্বশেষ প্রধানমন্ত্রী শফিক। বিশেষজ্ঞদের মতে, ইসলামপন্থীদের ভয়ে যাঁরা তটস্থ, নির্বাচনে তাঁদের সমর্থন পেয়েছেন শফিক।নির্বাচন কর্মকর্তারা জানান, মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেক্সান্দ্রিয়ায় বড় ব্যবধানে জয়ী হয়েছেন সাব্বাহি। মুরসি সাংবাদিকদের বলেন, তাঁর বিশ্বাস, তিনিই বেশির ভাগ ভোট পেয়েছেন। ব্রাদারহুডের নেতা এসাম আল-এরিয়ান বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি, আমরা এক নতুন যুগের দ্বারপ্রান্তে। আমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। আমরা জনগণকে বিশ্বাস করি। বিশ্বাস করি আমরা আমাদের দলকে।’ আহমেদ শফিকের মুখপাত্র করিম সালেম বলেন, তাঁরা বিশ্বাস করেন, শফিক দ্বিতীয় দফার নির্বাচনে যাবেন। কিন্তু তাঁরা এখনো আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘ইনি (শফিক) এমন একজন প্রার্থী, যিনি সবচেয়ে স্বচ্ছ ও সৎ।’ তিনি আরও বলেন, ‘কোনো যুগেরই (মোবারক) অবসান হয়নি। রাজনীতির পরিবর্তন হয়েছে।’মুসলিম ব্রাদারহুড দাবি করেছে, সারা দেশের প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ। এতে শফিকের চেয়ে তাঁদের প্রার্থী মুরসি এগিয়ে আছেন। ব্রাদারহুড তাঁদের ওয়েবসাইটে বলেছে, মোহাম্মেদ মুরসি ও আহমেদ শফিকের মধ্যেই দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্বপরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে ১ জুলাইয়ের মধ্যে নতুন প্রেসিডেন্টের কাছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের কথা। নির্বাচনের ফলাফলের জন্য মিসরীয়দের অপেক্ষা করার অভিজ্ঞতা এই প্রথম। মোবারকের শাসনামলে নির্বাচনের ফলাফল মিসরীয়রা আগেই অনুমান করতে পারতেন। কেননা, সেসব নির্বাচন ছিল সাজানো, একপেশে। নির্বাচন কর্মকর্তারা বলেছেন, দুই দিনব্যাপী নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশে-বিদেশে সব জায়গায় প্রশংসা পেয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ‘ঐতিহাসিক’ এ নির্বাচনের জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, কায়রোর নতুন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। হোসনি মোবারক-পরবর্তী যুগে মিসরে এটাই প্রথম নির্বাচন। আরব বসন্তে গত বছরের ফেব্রুয়ারিতে মোবারকের পতনের পর থেকে দেশটির ক্ষমতায় রয়েছে সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ (এসসিএএফ)। এএফপি ও বিবিসি।