মিসরে ভাইস প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমানকে হত্যা করার একটি চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন তাঁর দুই দেহরক্ষী। বার্তা সংস্থা ফক্স নিউজে প্রকাশিত এক খবরে এ কথা জানানো হয়। এতে বলা হয়, কয়েক দিন আগে ঘটনাটি ঘটে।ক্ষমতা আঁকড়ে থাকা মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক সম্প্রতি ওমর সুলেইমানকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন। সরকারবিরোধী বিক্ষোভ প্রশমন ও উত্তরাধিকারী নির্বাচনের পদক্ষেপ হিসেবে মোবারক এ সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে। সুলেইমানের ওপর পরিকল্পিত হামলা হয়েছে কি না, তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি রবার্ট গিবস।এদিকে ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সুলেইমানের সঙ্গে বিরোধী দলগুলোর নেতাদের যাতে আলোচনা হয়, সে আয়োজনে জোর চেষ্টা চালাচ্ছে ওবামা প্রশাসন। গতকাল শনিবার সুলেইমানের সঙ্গে বিরোধীদলীয় নেতাদের আলোচনা হওয়ার কথা। প্রতিবেদনে বলা হয়, এই আলোচনায় সহযোগিতা করতে মিসরের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ওবামা প্রশাসন।এ ব্যাপারে মিসরের প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল মোহাম্মদ তানতাবি ও সেনাপ্রধান লে. জেনারেল সামি এনানের সঙ্গে ওবামা প্রশাসনের কর্মকর্তাদের কথা হয়েছে। মিসরে সেনাবাহিনীকে সর্বোচ্চ সম্মানজনক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। তাদের এই আসন সমুন্নত রাখতে মিসরীয় কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান ওবামা প্রশাসনের কর্মকর্তারা। এ আলোচনার জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস মিসরের প্রতিরক্ষামন্ত্রীকে গত শুক্রবার চতুর্থবারের মতো ফোন করেন।মার্কিন কর্মকর্তাদের প্রত্যাশা, শনিবারের আলোচনায় মিসরের সরকার ও বিরোধী পক্ষের প্রতিনিধিরা বিদ্যমান সংকট নিরসনে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে নকশা প্রণয়ন করবেন। এর মধ্যে কঠোর জরুরি আইন প্রত্যাহার এবং সাংবিধানিক পরিবর্তনে রোডম্যাপ প্রণয়ন ও অবাধ নির্বাচনের বিষয় থাকবে।শীর্ষ কর্মকর্তার পদত্যাগ: মিসরের সাবেক অর্থমন্ত্রী ইউসেফ বুট্রোস-ঘালি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে গত শুক্রবার পদত্যাগ করেছেন। মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের পদক্ষেপ হিসেবে কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট হোসনি মোবারক। এর ধারাবাহিকতায় বুট্রোস-ঘালি পদত্যাগ করেন। অন্তর্ঘাত হামলা: মিসরে গতকাল শনিবার এক হামলায় গ্যাসের একটি পাইপলাইন উড়িয়ে দেওয়া হয়েছে। মিসরের উত্তর সিনাইয়ের মধ্য দিয়ে যাওয়া গ্যাস সরবরাহের এই লাইন ইসরায়েলে পৌঁছেছে। হামলার পর পাইপলাইনের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণ ঘটে। এএফপি, পিটিআই, ডেইলি মেইল অনলাইন।