মিসরে ভোট গ্রহণ শুরু তাহরির স্কয়ারে বিক্ষোভ
মিসরে পার্লামেন্টের নিম্নকক্ষের দুই দিনব্যাপী নির্বাচনে গতকাল সোমবার ভোট গ্রহণ শুরু হয়েছে। অন্যদিকে তাহরির স্কয়ারে চলছে আন্দোলনকারীদের বিক্ষোভ।ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক যুগের অবসানের ১০ মাস পর গতকাল পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলো। তবে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মিসরীয়দের মধ্যে মতবিরোধ রয়েছে। এক পক্ষ বলছে, সেনা শাসকেরা পদত্যাগ না করা পর্যন্ত কোনো নির্বাচন নয়। আরেক পক্ষ বলছে, নির্বাচনের সঙ্গে এই দাবি গুলিয়ে ফেলা উচিত নয়।৫০ বছরের মধ্যে মিসরে এটাই প্রথম জনগণের প্রত্যক্ষ ভোটে পার্লামেন্ট নির্বাচন। ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলায় ভোটকেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। বিক্ষোভকারীরা বলছে, এই নির্বাচনের ওপর তাদের কোনো আস্থা নেই। তারা নির্বাচন বর্জন করেছে।প্রাথমিকভাবে নিম্নকক্ষের এ নির্বাচন তিন দফায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় গতকাল ও আজ কায়রো, আলেক্সান্দ্রিয়াসহ বেশ কিছু শহরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু নির্বাচন-প্রক্রিয়া জটিল হওয়ায় তা সম্পন্ন করতে আগামী মার্চ নাগাদ সময় লেগে যাবে। ফলাফলও ওই মাসের আগে জানা সম্ভব হবে না।দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে আগামী ১৪ ডিসেম্বর। আর তৃতীয় দফার ভোট গ্রহণ ৩ জানুয়ারি। এরপর পার্লামেন্টের উচ্চকক্ষের ভোট গ্রহণ শুরু হবে ২৯ জানুয়ারি।নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। স্থানীয় সময় সকাল আটটার আগেই অনেক ভোটকেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ সারি দেখা যায়।জীবনে প্রথম ভোট দিয়েছেন মনা আবদেল মোনায়েম। শুবরা শহরের এই বাসিন্দা বলেন, ‘আগে কখনো ভোট দিইনি। আমাদের মতামত ছিল একেবারেই উপেক্ষিত।’আলেক্সান্দ্রিয়ার আল-রামল এলাকার ভোটার ইউসুফ বলেন, ‘আমি ভবিষ্যৎ মিসরের জন্য ভোট দিচ্ছি। আমাদের দেশে এটাই প্রথম স্বাধীন নির্বাচন। আমি আশা করি, এটা হবে আমাদের প্রথম অবাধ নির্বাচন।’নির্বাচনে কট্টরপন্থী মুসলিম, নিরপেক্ষ ও সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের অনুসারীদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে, নতুন পার্লামেন্ট গঠন নিয়ে তাঁদের মধ্যে আদর্শগত বিরোধ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এক সপ্তাহের বেশি সময় ধরে মিসরে সেনাশাসনবিরোধী বিক্ষোভের কারণে অনেকেই পার্লামেন্ট নির্বাচন নিয়ে সহিংসতার আশঙ্কা করছিল। কেউ কেউ বলছে, এ নির্বাচনের ফলে মিসরীয়রা বিভক্ত হয়ে পড়বে। ওমর হাতেম নামের এক বিক্ষোভকারী বলেন, ‘ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির পদত্যাগের দাবিতে আমরা তাহরির স্কয়ারে জড়ো হয়েছি।’ এএফপি।