মিসরে ভোট গ্রহণ শেষ, প্রার্থী নিয়ে ভোটারদের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ গতকাল রোববার শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করার কথা।দ্বিতীয় দফার দুই দিনব্যাপী ভোট গ্রহণ গত শনিবার শুরু হয়। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি ও আরব বসন্তে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক।এই দুই প্রার্থীকে নিয়ে মিসরের ভোটারদের মধ্যে হতাশাও রয়েছে। শফিক ক্ষমতাচ্যুত মোবারকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই এক অর্থে শফিককে ভোট দেওয়া মানে সেই পুরোনো শাসকদের ক্ষমতায় ফিরিয়ে আনা। আর মুসলিম ব্রাদারহুডের মুরসিকে ভোট দিলে দলটির রক্ষণশীল আদর্শ ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ন করবে বলে আশঙ্কা ভোটারদের।মানসুরা শিল্প এলাকায় কর্মরত কর কর্মকর্তা হাসান আল শফি বলেন, ‘দুর্ভাগ্য, এই দুজনের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হবে আমাদের।’একই এলাকার দিনমজুর ইয়াসির আলী (৪৫) ভোট দেওয়ার আগে বলেন, তিনি মুরসিকে ভোট দেবেন। কারণ, শফিককে ভোট দিলে সেই আগের শাসকেরা ফিরে আসবেন। এটা তিনি চান না। আর ব্রাদারহুড অনেক বেশি সংগঠিত। ইয়াসিরের পাশ দিয়ে সাইকেলে করে যাচ্ছিলেন জুতা পালিশকারী ফারঘালি মোহাম্মদ (৬১)। তিনি আবার শফিকের সমর্থক। ফারঘালি বলেন, মোবারকের আমলের সবাই চোর বা দুর্নীতিবাজ নয়। তিনি অর্থনীতি পুনরুদ্ধারে মুরসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে নির্বাচনের দুই দিন আগে আদালত এক রায়ে পার্লামেন্ট অবৈধ ঘোষণা করেছেন। একে দেশটির ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলের ‘পাল্টা অভ্যুত্থান’ বলে সমালোচনা করছে অনেক রাজনৈতিক দল। আদালতের এই রায়ের ফলে যেই প্রেসিডেন্ট নির্বাচিত হোন, তিনি আপাতত পার্লামেন্ট পাচ্ছেন না। মিসরের দৈনিক আল মাসরি আল ইয়োম-এ রাজনৈতিক বিশ্লেষক হাসান নাফিয়া লিখেছেন, ‘আইনগত ও সাংবিধানিক এক শূন্যতায় মিসরে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে।’ আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে চিঠি পাঠিয়েছে ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিল। চিঠিতে বলা হয়, পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এই পার্লামেন্টের কোনো সদস্যের পার্লামেন্ট ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২৩ ও ২৪ মে প্রথম দফার নির্বাচন হয়। এএফপি, রয়টার্স।