মিসরে মার্কিন সহায়তা হ্রাসের সম্ভাবনা রয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে সামরিক ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ কমিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারি কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে গতকাল বুধবার বলেছেন, এ ব্যাপারে চলতি সপ্তাহেই ঘোষণা আসতে পারে।
মিসরের সামরিক বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত জুনে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকেই দেশটিতে সহায়তা হ্রাসের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। অবশ্য মুরসিকে উৎখাতের বিষয়টিকে সামরিক অভ্যুত্থান হিসেবে স্বীকার করেনি ওবামা প্রশাসন।
ঘনিষ্ঠ মিত্র মিসরে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারটি জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র।
মিসরকে সহায়তা হিসেবে বছরে ১৫০ কোটি ডলার দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১৩০ কোটি ডলার সামরিক সহায়তা হিসেবে এবং বাকিটা অর্থনৈতিক সহায়তার আওতায় পড়ে। এপি।