মিসরে মার্কিন সামরিক সহায়তা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ওপর সরকারের দমনাভিযানকে কেন্দ্র করে দেশটিতে সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে মিসরের সেনাবাহিনী প্রতিবছর যে ১৩০ কোটি ডলারের মার্কিন সহায়তা পেত, এখন থেকে তার একটা বড় অংশ বন্ধ হয়ে যাবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, মিসরের সামরিক বাহিনীকে সরবরাহ করা বিস্তৃত পরিসরের সহায়তার পাশাপাশি দেশটির সরকারকে দেওয়া আর্থিক সহায়তাও স্থগিত রাখা হবে। পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে মিসরকে অবশ্যই ‘গ্রহণযোগ্য অগ্রগতি’ দেখাতে হবে।
গত জুলাইয়ে মিসরের সামরিক বাহিনী দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেন তাঁর সমর্থকেরা। বিক্ষোভকারী সমর্থকদের ওপর সামরিক কর্তৃপক্ষ কঠোর হাতে দমনাভিযান চালায়। এতে দেশটিকে দেওয়া সামরিক ও আর্থিক সহায়তার বিষয়টি আগস্টে পুনর্বিবেচনা শুরু করে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি বলেন, ‘আমরা মিসরের সেনাবাহিনীকে দেওয়া ব্যাপকভিত্তিক সহায়তা ও সরকারকে দেওয়া আর্থিক সাহায্য স্থগিত রাখব। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে বেসামরিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্ভরযোগ্য অগ্রগতি না হওয়া পর্যন্ত সহায়তা স্থগিত রাখা হবে।’
মার্কিন কর্মকর্তারা জানান, স্থগিত সহায়তার আর্থিক অঙ্ক কোটি কোটি ডলার। এ সিদ্ধান্তের আওতায় যুক্তরাষ্ট্র মিসরীয় সেনাবাহিনীকে অ্যাপাচি হেলিকপ্টার এবং হারপুন ক্ষেপণাস্ত্র ও ট্যাংকের যন্ত্রাংশ সরবরাহ করা স্থগিত রাখবে।
কর্মকর্তারা আরও জানান, ওয়াশিংটন মিসর সরকারকে ২৬ কোটি ডলারের আর্থিক সাহায্য এবং ৩০ কোটি ডলারের ঋণ গ্যারান্টি স্থগিত করারও পরিকল্পনা করছে।
বিবিসির একজন সংবাদদাতা বলেন, সহায়তা স্থগিত রাখার এ সিদ্ধান্ত, অপরিহার্য সহায়তা বন্ধের মতো তিক্ত সাজার তুলনায় একটি প্রতীকী সাজাস্বরূপ, যা অপেক্ষাকৃত লঘু শাস্তি বা এক সতর্কবার্তার মতো।
অনেকের মতে, যুক্তরাষ্ট্রের এ ঘোষণা ছিল প্রত্যাশিত। মিসরীয় সেনাবাহিনীকে সামরিক সরঞ্জামের সরবরাহ এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে একটি সামরিক মহড়া। এ ছাড়া সরকারকে দেওয়া আর্থিক সহায়তাও কার্যত গত গ্রীষ্ম থেকে বন্ধ রয়েছে।
যুক্তরাষ্ট্র মিসরের স্বাস্থ্য ও শিক্ষা খাতে এবং ক্রমে উত্তপ্ত হয়ে ওঠা সিনাই উপদ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতে অর্থ সহায়তা দিয়ে যাবে। ইসরায়েলের পর মিসর দ্বিতীয় বৃহত্তম মার্কিন সহায়তা গ্রহণকারী দেশ।
মিসরের সমালোচনা: সামরিক ও কিছু কিছু আর্থিক সহায়তা স্থগিতের মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছে মিসর। গতকাল বৃহস্পতিবার মিসরের একটি বেসরকারি রেডিও স্টেশনকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বদর আবদেলাত্তি বলেন, ‘এটি ভুল সিদ্ধান্ত। মিসর যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না। নির্ধারিত রূপরেখা অনুযায়ী মিসর গণতন্ত্রের পথে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ বিবিসি ও রয়টার্স।