মিসরে মিশ্র রাজনৈতিক ব্যবস্থা চালুর চিন্তাভাবনা
মিসরে প্রেসিডেন্টের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থা চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। এ ক্ষেত্রে নির্বাহী বিভাগ ও আইন বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল ও আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ দেশ মিসরে দশকের পর দশক ধরে একক ব্যক্তি ও রাজনৈতিক দলের ক্ষমতার অপব্যবহারের নজির রয়েছে। এমনকি নতুন করে কোনো স্বৈরশাসকের কাছে ক্ষমতা চলে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মিসরের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের কাজ করছে দেশটির সাংবিধানিক কমিশন। তারা একটি মিশ্র ব্যবস্থা প্রবর্তনের পথে এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতেও প্রেসিডেন্টকেই দেশের প্রধান নির্বাহী রাখা হবে। কমিশনের উপপ্রধান মোহাম্মদ আবদেল আজিজ বলেন, এই ব্যবস্থায় নতুন একজন একনায়ক বা একটি কর্তৃত্ববাদী পার্লামেন্টের শাসন থেকে জনগণ মুক্তি পাবে। এ জন্য রাষ্ট্রের প্রধান বিভাগগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য ও পার্থক্য নিশ্চিত করতে হবে। ফলে একটি অপরটির ক্ষমতা কেড়ে নিতে পারবে না।
আজিজ বলেন, কমিশন এই নতুন সরকারব্যবস্থার ব্যাপারে বিস্তারিত খসড়া প্রণয়নের কাজ শুরু করেছে। এটি অনুমোদনের জন্য ৫০ সদস্যের সাংবিধানিক কমিটির কাছে পেশ করা হবে। সর্বসম্মতি বা ৭৫ শতাংশের সম্মতি পেলে এটি অনুমোদিত হবে।
প্রাথমিক প্রস্তাবগুলো গত সোমবার জনসমক্ষে প্রকাশ করা হলে রাজনৈতিক দলগুলো একে স্বাগত জানিয়েছে। বামপন্থী দল পপুলার কারেন্টের মুখপাত্র এমাদ হামদি বলেন, তাঁরা একটি মিশ্র সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। এ ব্যবস্থায় বিভিন্ন বিভাগ একে অপরের কার্যক্রম তদারকি করবে।
উদারপন্থী দল ফ্রি ইজিপশিয়ানসের মুখপাত্র শেরাব ওয়াগিহ বলেন, ‘আমাদের রাজনৈতিক জীবন যথেষ্ট স্থিতিশীল নয়। আর আমাদের রাজনৈতিক দলগুলো একটি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সামর্থ্য রাখে না।’
অপর একটি রাজনৈতিক দল ওয়াফদ্ পার্টির সমন্বয়কারী ওয়াফিক আল-ঘিতানি বলেন, তিনি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে। কারণ, এতে মিসরের ‘রাজনৈতিক জীবন ও দলগুলোর শক্তি বাড়বে’।
কমিশন এই ব্যাপারে সম্মত হয়েছে যে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশের সম্মতিক্রমে গণভোট আহ্বান করা যাবে। এর ফলাফল নেতিবাচক হলে পার্লামেন্ট স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। একইভাবে, পার্লামেন্ট বিলোপের লক্ষ্যে প্রেসিডেন্টও গণভোট আহ্বান করতে পারবেন। আর ফলাফল নেতিবাচক হলে তাঁকেও ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। আল আহরাম।