মিসরে মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন। গত শুক্রবার রাজধানী কায়রোর কাছে একটি শহরে এ ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান।কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে খুসুস শহরে ওই দুই সম্প্রদায়ের লোকের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় চারজন খ্রিষ্টান ও একজন মুসলিম নিহত হন। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা নিহত ব্যক্তির সংখ্যা চারজন বলে জানিয়েছে।কর্মকর্তারা জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের এক দল শিশু ওই দিন রাতে একটি মুসলিম প্রতিষ্ঠানের দেয়ালে চিত্রাঙ্কন শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ নিয়ে তাঁরা বিস্তারিত কিছু জানাননি।স্থানীয় একজন খ্রিষ্টান কর্মকর্তার বরাত দিয়ে মিনার খবরে বলা হয়, সংঘর্ষকালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি গির্জায় হামলা চালিয়ে এর একটি অংশে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।গতকাল শনিবার শহরটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সহিংসতায় জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করেছে। রয়টার্স।