মিসরে মৃতের সংখ্যা ৫২৫

মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ব্যাপক রক্তক্ষয়ী অভিযানে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন।
মিসরের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে আজ বৃহস্পতিবার বলা হয়েছে, বুধবার থেকে শুরু হওয়া সহিংসতায় সারা দেশে ৫২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজার ৭১৭ জন।
এ অভিযানে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে মুরসিপন্থীরা দাবি করেছে।
এদিকে মুরসির সমর্থকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও তুরস্ক।
জাতিসংঘের মহাসচিবের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিসরের কর্তৃপক্ষ বল প্রয়োগের পথ বেছে নেওয়ায় বান কি মুন মর্মাহত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটা থেকে কারফিউ জারি করা হয়েছে রাজধানী কায়রো ও ১৩টি প্রদেশে। আজ সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবত্ ছিল। এদিকে মুরসির দল মুসলিম ব্রাদারহুডের কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৩ জুলাই মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী।এর পর থেকে তাঁকে পুনর্বহালের দাবিতে কায়রোর রাব্বা আল-আদাবিয়া মসজিদের পাশে এবং কায়রোর কেন্দ্রস্থলে আল-নাহদা স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিল ব্রাদারহুডের কর্মী-সমর্থকেরা।তাদের হটাতে এর আগে গত ২৭ জুলাই রাব্বা আল-আদাবিয়া মসজিদের পাশে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ৮০ জন নিহত হয়।এর পরও সরকার সেখান থেকে তাদের সরাতে পারেনি।

গতকাল খুব সকালে রাব্বা আল-আদাবিয়া ও নাহদা স্কয়ার ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।প্রথমে তাঁরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়েন।নিরাপত্তা বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেল দ্রুত তুলে নিয়ে উল্টো তাঁদের দিকে ছোড়ে বিক্ষোভকারীরা।এর পরই দুই পক্ষে শুরু হয় তুমুল গোলাগুলি।
একপর্যায়ে নাহদা স্কয়ার থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।সেখানকার অস্থায়ী তাঁবুগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে রাজধানীর অন্যান্য অংশেও।বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, রাব্বা আল-আদাবিয়া ও আল-নাহদা স্কয়ার এখন পুরোপুরি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে।স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অনেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
সরকারি বাহিনীর এই অভিযানকে গণহত্যা বলে অভিহিত করে ব্রাদারহুড দাবি করেছে, এতে দুই হাজার মানুষ নিহত ও পাঁচ হাজারের বেশি আহত হয়েছে।এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানায় দলটি।