মিসরে মোবারকের সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য করতে গতকাল বুধবারও মিসরে গণবিক্ষোভ অব্যাহত ছিল। তবে গতকাল রাজপথে সমাবেশ করে মোবারকের সমর্থকেরাও। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ৫০০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সামরিক বাহিনী। অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার জন্য মোবারকের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।অব্যাহত বিক্ষোভের মুখে গত মঙ্গলবার রাতে হোসনি মোবারক রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে অঙ্গীকার করেন, আগামী সেপ্টেম্বর মাসে নির্বাচনের আগে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন এবং নির্বাচনে অংশ নেবেন না। এ ছাড়া দেশের সংবিধানেও প্রয়োজনীয় সংশোধনী আনবেন। কিন্তু বিক্ষোভকারীরা ওই প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে। রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে জড়ো হওয়া হাজারো বিক্ষোভকারী চিৎকার করে বলেছে, ‘আমরা ফিরব না। তাঁকে ক্ষমতা ছাড়তে হবে।’ বিরোধীরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।বিক্ষোভের নবম দিনে মিসরের সামরিক বাহিনীর এক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘মিসরীয়রা তাদের বক্তব্য জানিয়েছে। তাদের দাবি শোনা হয়েছে। এখন মিসরে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে তাদের সময় হয়েছে বাড়ি ফেরার। সামরিক বাহিনী আপনাদের প্রতি বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।’ একই সময় কারফিউ শিথিল করার ঘোষণাও দেওয়া হয়।এর আগে মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানায়, দেশের পার্লামেন্ট অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে। গত নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পার্লামেন্টের দুই কক্ষের অধিবেশনই স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া দেশটিতে বন্ধ রাখা ইন্টারনেটের সংযোগ আবার চালু করা হয়েছে।মোবারকের তিন দশকের শাসনামলের অবসানের দাবিতে গত ২৫ জানুয়ারি আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে বিক্ষোভ শুরু হয়। প্রথম দিকে বল প্রয়োগের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা করে সরকার। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক ব্যক্তি নিহত হয়। জাতিসংঘের হিসাবে অবশ্য প্রাণহানির সংখ্যা কমপক্ষে ৩০০। গত মঙ্গলবার কায়রোতে দুই লাখের বেশি মানুষ সরকারবিরোধী সমাবেশে অংশ নেয়। আলেকজান্দ্রিয়া ও সুয়েজেও একই ধরনের বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অন্যতম নেতা হিসেবে উঠে আসা নোবেল পুরস্কারজয়ী মোহাম্মদ এলবারাদি আগামীকাল শুক্রবারের মধ্যে প্রেসিডেন্টকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। গতকাল মোবারকের ভাষণের পর তিনি একে ‘চালাকি’ হিসেবে অভিহিত করেন এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবারক পদত্যাগ না করলে তারা প্রেসিডেন্টের প্রাসাদ অভিমুখে পদযাত্রার আয়োজন করবে।গতকাল মোবারকের সমর্থনে কায়রোর রাজপথে নেমে আসে তাঁর সমর্থকেরা। তাহরির স্কয়ার থেকে প্রায় এক কিলোমিটার দূরে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের প্রধান কার্যালয়ের সামনে তারা জড়ো হয়। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘মোবারকের প্রতি হ্যাঁ, স্থিতিশীলতা ধরে রাখার জন্য’। দুপুরের দিকে তারা তাহরির স্কয়ার থেকে মোবারকবিরোধীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারকের সমর্থকদের কয়েকজন উট ও ঘোড়ায় চড়ে বিরোধীদের ওপর চড়াও হয়। বিরোধীরাও তাদের ঘিরে ধরে ও পেটায়। এ ছাড়া দুই পক্ষ ইট-পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে সেনাবাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর জলকামান থেকে পানি ছোড়ে।এ ছাড়া সংঘর্ষের সময় মোবারকের সমর্থকেরা দুটি ককটেল ছুড়ে মারে। ককটেল দুটি বিশ্বখ্যাত ইজিপশিয়ান মিউজিয়ামের ভেতরে পড়ে।হাসপাতালের একটি সূত্র জানায়, মোবারকের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০০ জন আহত হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার জন্য মিসরের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে ওবামা বলেন, সুশৃঙ্খল পালাবদল অবশ্যই অর্থবহ হতে হবে, এটা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে এবং এখনই তা শুরু করতে হবে। তিনি আরও বলেন, মিসরের জনগণই ঠিক করবে, তাদের নেতা কে হবেন।তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগান বলেন, জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে মোবারকের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। তিনি বলেন, মোবারককে এখন ভিন্ন পথ ধরতে হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজিও অবিলম্বে মোবারককে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। বিবিসি, এএফপি, রয়টার্স।