মিসরে যাচ্ছে ৪৪ রুশ বিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের লোহিত সাগরের দুটি অবকাশযাপন কেন্দ্র থেকে রাশিয়ার পর্যটকদের ফিরিয়ে আনতে আজ শনিবার দেশটিতে ৪৪টি বিমান পাঠানো হবে। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানায়, গত সপ্তাহে একটি রুশ বিমান বোমার কারণে ধ্বংস হয়েছে বলে সন্দেহ দেখা দিয়েছে। এ জন্য এই উদ্যোগ নিয়েছে রাশিয়ার সরকার। খবর এএফপির।
এক বিবৃতিতে জানানো হয়, ৩০টি খালি বিমান পাঠানো হবে হুরগাদায়। ১৪টি বিমান পাঠানো হবে শারম-এল-শেখে। মস্কো থেকে জানানো হয়, বর্তমানে ছুটি কাটাতে প্রায় ৭৮ হাজার রুশ নাগরিক মিসরে অবস্থান করছে।
মিসরের সিনাই উপত্যকার পাহাড়ি এলাকায় গত শনিবার বিধ্বস্ত হয়েছে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। এতে বিমানটির ২২৪ আরোহীর সবাই নিহত হন।