মিসরে যৌন হয়রানির জন্য নতুন শাস্তি
মিসরে যৌন হয়রানি এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ অপরাধের দায়ে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দেশটির অন্তর্বর্তীকালীন বিদায়ী প্রেসিডেন্ট আদলি মানসুর গতকাল বৃহস্পতিবার এক ডিক্রি জারির মাধ্যমে এ আইন চালু করার কথা ঘোষণা করেন। খবর বিবিসির।
মিসরে যৌন হয়রানির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে এই নতুন শাস্তির বিধান চালু করার কথা ঘোষিত হলো।
মিসরে এখন পর্যন্ত যৌন হয়রানির ব্যাপারে কোনো আইন নেই। ২০১৩ সালে জাতিসংঘের এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, মিসরে প্রতি ১০ জন নারীর মধ্যে নয়জনেরই উত্ত্যক্ত হওয়া থেকে ধর্ষণের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে। মানবাধিকারকর্মীরা মিসরের এ সমস্যাকে ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেছেন।
নতুন এ আইনের আওতায় দায়ী ব্যক্তির ছয় মাস থেকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে। একই সঙ্গে মিসরীয় মুদ্রায় পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।
প্রেসিডেন্টের মুখপাত্র ওহাব বাদাউই বলেন, উত্ত্যক্তকারী পুনরায় একই ধরনের অপরাধ করলে তার শাস্তি দ্বিগুণ হবে।