মিসরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গণগ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মিসরের কায়রোতে সেনাবাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ৩০০ জনকে আটক রাখার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। গত শনিবার সেখানে সান্ধ্য আইন জারিরও নির্দেশ দেওয়া হয়েছে।গত শুক্রবার আব্বাসিয়া অঞ্চলে সংঘর্ষে একজন সেনাসদস্যসহ দুজন নিহত ও অন্তত ৩০০ জন আহত হয়েছেন। এ সময় নয় সাংবাদিকসহ ৩০০ জনকে আটক করা হয়েছে। গত বছর প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের তিন সপ্তাহ আগে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।সেনাবাহিনী জানায়, আটক সব নারীকে মুক্তি দেওয়া হবে। কিন্তু ঠিক কতজন নারী আটক আছেন তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ১৪ থেকে ১৭ জন নারীকে আটক করা হয়েছে। সংঘর্ষে নিহত সেনাসদস্য সামির আনোয়ার ইসমাইলের দাফনে ফিল্ড মার্শাল হুসেইন তানতাবি এবং তাঁর ডেপুটি সামি ইনান অংশ নেন।সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ সুপ্রিম কাউন্সিল অব আর্মড ফোর্সেস (এসসিএএফ) কথা দিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবেন। কিন্তু বিক্ষোভকারীদের ধারণা, নির্বাচনের পরও সেনাবাহিনী তাদের ক্ষমতা অটুট রাখার চেষ্টা করবে। শুধু তা-ই নয়, প্রেসিডেন্ট নির্বাচনে সেনা-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট জালিয়াতি করতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই সংঘর্ষের ঘটনায় মাত্র একজন সেনাসদস্য নিহত হন। আহত হন প্রায় ২৯৬ জন । মিসরে প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচন ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এই দফায় যদি কোনো যোগ্য প্রার্থী নির্বাচিত না হলে দ্বিতীয় দফায় ১৬ ও ১৭ জুন নির্বাচন হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন আরব লিগের সাবেক প্রধান আমর মুসা, মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক দলের প্রধান মোহাম্মেদ মুরসি এবং ব্রাদারহুডের সাবেক সদস্য আবদেল মোনায়েম আবুল ফাত্তাহ। এএফপি।