মিসরে রম্য লেখকের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ
মিসরের জনপ্রিয় রম্য লেখক বাসেম ইউসুফের বিরুদ্ধে আনা ‘রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি’ অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। প্রেসিডেন্ট মুরসি ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় বর্তমানে তিনি জামিনে আছেন।দেশটির আদালত সূত্র ও ইউসুফ নিজে জানিয়েছেন, সরকারপক্ষের আইনজীবী ওই তদন্তের নির্দেশ দেন। ইউসুফ তাঁর টুইটার বার্তায় জানিয়েছেন, নতুন করে তাঁর বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি মিথ্যা সংবাদ ও গুজব ছড়াচ্ছেন। জনগণের শান্তি নষ্ট করছেন। এ জন্য তিনি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। ইউসুফ আরও বলেন, সরকার তাঁকে শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে হয়রানি করছে।এদিকে আদালত সূত্রে জানা গেছে, একজন আইনজীবী ইউসুফ ও সিবিসি টেলিভিশনের প্রধানের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছেন। ওই টেলিভিশনে প্রতি সপ্তাহে ‘আলবারনামেগ’ নামের একটি অনুষ্ঠান সম্প্রচার করা হয়। ওই অনুষ্ঠানে ইউসুফ ইসলামপন্থীদের সমালোচনা করেন এবং প্রকারান্তরে ‘গৃহযুদ্ধের’ ডাক দেন বলে অভিযোগে বলা হয়েছে।এর আগে ইউসুফ প্রেসিডেন্ট মুরসির আন্তর্জাতিক অবস্থান নিয়েও সমালোচনা করেছেন বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত রোববার ইউসুফকে আদালতে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।এদিকে যুক্তরাষ্ট্র গত সোমবার ইউসুফের বিরুদ্ধে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এ ধরনের পদক্ষেপের কারণে মিসরে মত প্রকাশের স্বাধীনতা হুমকির সম্মুখীন।অপর দিকে মিসরের অধিকারবিষয়ক আইনজীবীরা বলেছেন, হোসনি মোবারকের ৩০ বছরের শাসনামলের চেয়ে বর্তমান প্রেসিডেন্ট মুরসির সময়ে প্রেসিডেন্টকে সমালোচনা বা অবমাননার অভিযোগের হার চার গুণ বেশি। এএফপি।