মিসরে রাজনৈতিক বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা
মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া সব বন্দীকে সাধারণ ক্ষমা করেছেন। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্টের সরকারি ফেসবুক পাতায় এক বার্তায় এ ক্ষমার কথা ঘোষণা করা হয়। বার্তায় বলা হয়েছে, বিপ্লবের সমর্থনে তাঁদের কর্মকাণ্ড ক্ষমা করে দেওয়া হলো। এতে কয়েক হাজার রাজবন্দী মুক্তি পাবেন।১৮ দিনের টানা গণ-আন্দোলন ও বিক্ষাভের মুখে গত বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন স্বৈরশাসক হোসনি মোবারক। ওই গণ-আন্দোলনের সময় বহু লোককে হত্যা করা হয়। হত্যাকাণ্ড প্রতিরোধে ব্যর্থ হওয়ায় আদালতের বিচারের মুখোমুখি হন মোবারক। এসব হত্যার দায়ে বর্তমানে তিনি আজীবন কারাদণ্ড ভোগ করছেন। বিক্ষোভের প্রথম দিন ২০১১ সালের ২৫ জানুয়ারি থেকে মুরসির ক্ষমতা গ্রহণের দিন পর্যন্ত যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁরা সবাই এই ক্ষমার আওতায় পড়বেন। যাঁদের বিচার-প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যেই বিচার-প্রক্রিয়া শেষে যাঁরা কারাগারে আছেন, তাঁদেরও মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে হত্যার অভিযোগে অভিযুক্তরা এই ক্ষমার সুবিধা পাবেন না।গত বছর হোসনি মোবারকবিরোধী ওই আন্দোলনের সময় প্রায় ১২ হাজার বেসামরিক লোককে সামরিক আদালতে বিচারের সন্মুখীন করা হয়েছিল। তাঁদের মধ্যে এখনো প্রায় পাঁচ হাজার লোক রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে রয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেনা জানিয়েছে, ক্ষমা পাওয়া রাজবন্দীদের নাম এক মাসের মধ্যে সামরিক কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বিচার-বিশ্লেষণের পর প্রকাশ করা হবে। প্রেসিডেন্ট মুরসির আইন উপদেষ্টা মোহাম্মদ গাদাল্লা বলেন, এই সাধারণ ক্ষমা ঘোষণার মধ্য দিয়ে বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হলো।