মিসরে শীর্ষ দুই মানবাধিকারকর্মীকে গ্রেপ্তারের নির্দেশ
মিসরের বিচার বিভাগের একজন সরকারি অভিযোক্তা দেশে বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে শীর্ষ দুজন মানবাধিকারকর্মীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তাঁদের মধ্যে একজন ২০১১ সালে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের আন্দোলনে একটি গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন। বিক্ষোভ দমনে জারি করা নতুন আইন লঙ্ঘনের ঘটনায় তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট অভিযোক্তার দপ্তরের একটি সূত্র গতকাল বুধবার জানায়, গ্রেপ্তারের নির্দেশ হওয়া দুই মানবাধিকারকর্মী হলেন আহমেদ মাহের ও আলা আবদেল ফাত্তাহ। মাহের ২০১১ সালের আলোচিত ‘৬ এপ্রিল যুব আন্দোলন’-এর প্রধান ছিলেন। তিনি ও ফাত্তাহ গত মঙ্গলবারও রাজধানী কায়রোতে পার্লামেন্ট ভবনের বাইরে একটি বিক্ষোভে অংশ নেন।
অভিযোক্তার দপ্তরের সূত্রটি আরও জানিয়েছে, মঙ্গলবার ২৪ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মীদের ওপর আক্রমণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগের তদন্ত চলছে।
মিসরের সামরিক বাহিনী-সমর্থিত বর্তমান অন্তর্বর্তী সরকার গত রোববার ওই নতুন আইন জারি করে। এতে দেশটির মানবাধিকার সংগঠনগুলো ক্ষুব্ধ। মানবাধিকার কর্মীরা ওই আইনকে নাগরিক অধিকারের বিরুদ্ধে একটা বড় ধাক্কা হিসেবে বর্ণনা করেছেন।
হোসনি মোবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। তখন থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি বড় ধরনের সহিংসতা প্রত্যক্ষ করেছে মিসর। দেশকে ধর্মীয় ভাবধারায় চালিত করার অভিযোগ তুলে যেসব উদারপন্থী ও মানবাধিকারকর্মী মুরসিকে ক্ষমতাচ্যুত করার সামরিক পদক্ষেপকে সমর্থন দিয়েছিলেন, তাঁরাও এখন সেনাবাহিনীর বিরুদ্ধে সোচ্চার। গণতন্ত্রপন্থী কর্মীরা নতুন আইনের প্রতিবাদে গতকাল কায়রোতে বিক্ষোভের ডাকও দেন।
সেনা-সমর্থিত সরকার বলছে, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেবে না এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই নতুন আইন করা হয়েছে। কিন্তু তার পরও আইনটি নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
মিসরের রাষ্ট্রীয় বেতারের এক ফোন-ইন অনুষ্ঠানে একজন প্রকৌশলী বলেন, ‘আইনটা খারাপ... এটা পাল্টাতে হবে। আমাদের দণ্ডবিধিতেই অনেক ধারা ছিল, যেগুলো তারা (সরকার) সহিংস বিক্ষোভ নিষিদ্ধ করতে ব্যবহার করতে পারত। অথচ তারা এমন একটি নতুন আইন জারি করল, যা আমাদের জন্য আরও উত্তেজনা ডেকে আনল।’ রয়টার্স।