মিসরে সংঘর্ষ, রাবার বুলেট কাঁদানে গ্যাস নিক্ষেপ
মিসরের রাজধানী কায়রোসহ বিভিন্ন শহরে গতকাল শুক্রবার জুমার নামাজের পর প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। কায়রো ও আলেকজান্দ্রিয়া শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল, জলকামান ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন স্থানে জুমার নামাজের পর রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। পুলিশও আগে থেকে প্রস্তুত ছিল। বিক্ষোভ ঠেকাতে আগের রাতে বেশ ধরপাকড়ও করা হয়।কায়রোর মধ্যাঞ্চলে বিক্ষোভ শুরুর পর তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। এ সময় বিক্ষোভকারীরা ‘হোসনি মোবারক বিদায় নাও’ বলে স্লোগান দিতে থাকে।কায়রোতে কয়েক হাজার বিক্ষোভকারীর নেতৃত্ব দেন জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ এলবারাদি। পরে তাঁকে গৃহবন্দী করা হয় বলে অসমর্থিত খবরে বলা হয়। গত বৃহস্পতিবার তিনি ভিয়েনা থেকে দেশে ফিরেছেন।এলবারাদি বলেছেন, প্রেসিডেন্ট মোবারকের উচিত ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। আর তিনি যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে রাজি এলবারাদি।কায়রোতে মূল বিক্ষোভটা হয় তাহরির স্কয়ারে। বিক্ষোভ শুরুর প্রথম দিন গত মঙ্গলবারও সেখানে জড়ো হয়েছিল কয়েক হাজার মানুষ। কায়রোতে বিক্ষোভের খবর সংগ্রহ করার সময় ফ্রান্সের চার সাংবাদিককে আটক করা হয়েছে বলে দাবি করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়।আলেকজান্দ্রিয়া শহরের কেন্দ্রীয় রামাল রেলওয়ে স্টেশনের কাছে একটি মসজিদে জুমার নামাজ শেষে রাস্তায় নেমে আসে চার-পাঁচ হাজার মানুষ। এ সময় তারা ‘আল্লাহ মহান’ এবং প্রেসিডেন্ট মোবারককে উদ্দেশ করে ‘আমরা তাঁকে চাই না’ বলে স্লোগান দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ এবং গুলির হুমকিও দেয়। এ সময় বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়ে পুলিশকে জবাব দেয়। পুলিশের গাড়িতে হামলা চালায়। একটি পুলিশ ভ্যানে তারা আগুনও ধরিয়ে দেয়।এ ছাড়া কায়রোর বিভিন্ন উপশহর, পূর্বাঞ্চলীয় সুয়েজ শহর ও মানসুরার নিল ডেলটা শহর ও সারকিয়া শহরে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা ঘটে। মানসুরায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সুয়েজে শহরে নামাজের পরপরই রাস্তায় বিক্ষোভ করে কয়েক শ মানুষ।ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে বিক্ষোভকারীরা যাতে সংগঠিত হতে না পারে, সে জন্য বেশির ভাগ মুঠোফোন ও ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার মধ্যরাতের পর দেশজুড়ে মুঠোফোন ও ইন্টারনেট সার্ভিস বিচ্ছিন্ন করে দেওয়া হয়।তবে আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন ‘এপ্রিল ৬ মুভমেন্ট’-এর এক প্রতিষ্ঠাতা ইসরা আবেদ আল ফাতাহ জানিয়েছেন, সরকার বড্ড বেশি দেরি করে ফেলেছে। তিনি বলেন, ‘আমরা এর মধ্যে বৈঠকের স্থান নির্ধারণ করে ফেলেছি। কাজেই যা করার দরকার ছিল তা আমরা করে ফেলেছি, এখন আর আমাদের মধ্যে যোগাযোগ করার প্রয়োজন নেই।’বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে পুলিশ। গত চার দিনে আটক করা হয়েছে সহস্রাধিক লোক। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে আটক করা হয় দেশটির শাসকদের প্রধান বিরোধী পক্ষ মুসলিম ব্রাদারহুডের কমপক্ষে ২০ নেতাকে। তাঁদের মধ্যে পাঁচজন পার্লামেন্টের সাবেক সদস্য।সরকার অভিযোগ করেছে, ব্রাদারহুড যুবসমাজকে সরকারের বিরুদ্ধে উসকে দিচ্ছে। তবে সংগঠনটির দাবি, তারা এর পেছনে জড়িত নয়, অথচ তাদের বলির পাঁঠা বানানো হচ্ছে। তবে পরিস্থিতি শান্ত রাখার জন্য মিসরের সরকার ও বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে বান বলেন, ‘সরকার এবং জনগণ, সবাইকে বোঝা উচিত পরিস্থিতির আর অবনতি হতে দেওয়া ঠিক হবে না।’প্রেসিডেন্ট মোবারক প্রায় ৩০ বছর ধরে দেশ শাসন করছেন। দেশে দুর্নীতি, বেকারত্ব, দমন-পীড়ন ও স্বাধীনতাহীনতার বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে বিক্ষোভ শুরু হয়েছে। এএফপি, রয়টার্স ও বিবিসি।