মিসরে সংঘর্ষ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোতে গতকাল মঙ্গলবার টানা পঞ্চম দিনের মতো নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। দেশটিতে সামরিক শাসনের অবসানের দাবিতে গত শুক্রবার বিক্ষোভ শুরুর পর থেকে সহিংসতায় ১৩ জনের প্রাণহানি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতভর দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের হটাতে তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও তাজা গুলি ছোড়ে। এ সময় বিক্ষোভকারীদের লাঠিপেটাও করা হয়।কায়রোর তাহরির স্কয়ারের একটি অস্থায়ী হাসপাতাল থেকে মোহাম্মদ মোস্তফা নামের এক স্বেচ্ছাসেবক জানান, রাতভর সংঘর্ষে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, সংঘর্ষে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে চারজন আহত হয়েছেন।ক্ষমতাসীন সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিষদ (এসসিএএফ) বলেছে, তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়নি। তবে তারা একজন নারীকে পেটানোর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর ভিডিও ফুটেজে দেখা গেছে, এক নারী মাটিতে পড়ে আছেন এবং হেলমেট পরা সেনারা তাঁকে ঘিরে আঘাত করছে। এএফপি।