মিসরে সংঘাত ছড়িয়ে পড়ছে সংঘর্ষে নিহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে গতকালও কায়রোতে বিক্ষোভ করে মুসলিম ব্রাদারহুড ষ ছবি: এএফপি
মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে গতকালও কায়রোতে বিক্ষোভ করে মুসলিম ব্রাদারহুড ষ ছবি: এএফপি

মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী সরিয়ে দেওয়ার পর সেখানে মুরসি সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘাত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। মেশিনগানসহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমেছেন মুরসির সমর্থকেরা। শুক্রবার দিবাগত রাতে রাজধানী কায়রোসহ বিভিন্ন এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।রাতের ব্যাপক সংঘর্ষের পর গতকাল শনিবার রাজধানীতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করে মুরসির পুনর্বহাল দাবি করেছে তাঁর সমর্থকেরা। তবে মুরসিবিরোধীরাও রাজপথে আছে। এই অবস্থায় সংঘাত আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। রাজপথে সংঘাতের নিন্দা এবং সহিংসতা বন্ধে সেনাবাহিনীসহ সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।এদিকে, দেশটির অন্যতম বিরোধী নেতা মোহাম্মদ এল বারাদিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা গতকাল জানায়, অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুরের সঙ্গে বৈঠক করেছেন এল বারাদি। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক এই প্রধান মিসরের উদার ও বামপন্থী রাজনৈতিক দলগুলোর একটি জোটের নেতৃত্ব দেন।কয়েক দিনের বিক্ষোভের পর সেনাবাহিনী গত বুধবার প্রেসিডেন্ট মুরসিকে উৎখাত করে। সেনাবাহিনীর এই হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে গত শুক্রবার ‘প্রত্যাখ্যান দিবস’ পালন করে মুরসির দল মুসলিম ব্রাদারহুড। ওই দিন জুমার নামাজেরপর থেকে রাস্তায় নামতে শুরু করে ব্রাদারহুডের কর্মী-সমর্থকেরা। তাদের শীর্ষনেতা মোহাম্মদ বাদি ঘোষণা করেন, মুরসিকে প্রেসিডেন্ট পদে পুনর্বহাল না করা পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।শুক্রবার সন্ধ্যার দিকে মুরসির সমর্থকেরা কায়রোতে সেনাবাহিনীর সদর দপ্তরের দিকে অগ্রসর হলে সেনাবাহিনী গুলি চালায়। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এরপর সংঘাত দ্রুত ছড়িয়ে পড়তে থাকে শহরের বিভিন্ন এলাকায়।রাতে মুরসির সমর্থক ব্রাদারহুডের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে কায়রোর তাহরির স্কয়ারের দিকে যাওয়ার চেষ্টা করলে শহরের মানিয়াল এলাকায় তাদের বাধা দেয় স্থানীয় লোকজন। এ সময় দুই পক্ষে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত সাতজন। স্থানীয় বাসিন্দারা জানান, ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বাদির উসকানিমূলক বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের কয়েক মিনিটের মধ্যেই তাঁর দলের লোকজন মানিয়াল এলাকায় হামলা চালায়। স্থানীয় বাসিন্দা আহমেদ ফাতাহ বলেন, ‘তারা আমাদের সঙ্গে এমন আচরণ করে যেন আমরা সবাই কাফের। আল্লাহু আকবর স্লোগান দিয়ে তারা আমাদের ওপর গুলি ছুড়তে শুরু করে।’ মানিয়াল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ব্রাদারহুডের লোকজন সব ধরনের অস্ত্র নিয়ে আমাদের এলাকায় হামলা চালায়।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, তাহরির স্কয়ারে মুরসির সমর্থকেরা তাদের বিরোধীদের ওপর গুলি চালায়। এতে সেখানে নিহত হয়েছেন অন্তত দুজন। সেনাবাহিনী সাঁজোয়া যান নিয়ে সেখানে পৌঁছার পর দুই পক্ষ পিছু হটে।

কায়রো বিশ্ববিদ্যালয়ের কাছে একটি জায়গায় ক্যাম্প বানিয়ে মুরসি সমর্থকেরা সেখানে অবস্থান করছে ১০ দিন ধরে। শুক্রবার রাতে সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ছাড়া ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ায়ও মুরসি সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানায়, সেখানে দুই পক্ষের গোলাগুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

দেশের উত্তরাঞ্চলে সিনাই উপত্যকার আল-আরিশ শহরে প্রাদেশিক সদর দপ্তরে হামলা চালায় ব্রাদারহুডের সশস্ত্র কর্মী-সমর্থকেরা। সেখানে বন্দুকযুদ্ধের পর প্রাদেশিক সদর দপ্তর ভবনে ব্রাদারহুডের ব্যানার ঝুলিয়ে দেয় তাদের কর্মীরা।

গত বুধবার মুরসিকে সরিয়ে দেশের সংবিধান স্থগিত করে সেনাবাহিনী। নতুন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে গত বৃহস্পতিবার শপথ নেন দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান আদলি মানসুর। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আহমেদ আলী গতকাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা কোনো পক্ষ নিচ্ছি না। আমাদের লক্ষ্য, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া।’

এদিকে, শান্তিপূর্ণভাবে এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেছেন, কোনো এক পক্ষকে সরিয়ে দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়।

রাজপথে সংঘাতের নিন্দা এবং সহিংসতা বন্ধে সেনাবাহিনীসহ সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেন, ‘মিসরে আজ যে সংঘাত শুরু হয়েছে, আমরা তার নিন্দা জানাই। একই সঙ্গে সংঘাত বন্ধে সব পক্ষের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আদালতে মোবারক: মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচার গতকাল থেকে আবার শুরু হয়েছে। গতকাল মোবারককে আদালতে হাজির করা হয় শুনানির জন্য।

২০১১ সালের শুরুতে মোবারকের বিরুদ্ধে দেশবাসীর তুমুল আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে মোবারক এবং তাঁর সময়কার নিরাপত্তা বাহিনীর শীর্ষ সাত কর্মকর্তার বিচার হচ্ছে। এএফপি, রয়টার্স।