মিসরে সংবিধান প্রশ্নে গণভোট চলছে

মিসরে খসড়া সংবিধানের ওপর আজ মঙ্গলবার দুই দিনব্যাপী গণভোট শুরু হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উত্খাত করার বিষয়টি ন্যায্যতা পাবে কি না, সেটিও পরোক্ষভাবে এ নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে।
বিবিসি বলছে, কোনো দল বা গোষ্ঠী যাতে নির্বাচন বানচাল করতে না পারে, সে জন্য অন্তর্বর্তী সরকার কঠোর নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে।
নতুন সংবিধান অনুমোদিত না হলে দেশটিতে খুব দ্রুত নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত বছরের ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। ক্ষমতা হারানোর কয়েক মাস আগে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি নতুন সংবিধান প্রণয়ন করেছিলেন। তবে তাঁকে অপসারণের পর অন্তর্বর্তী সরকার নতুন করে সংবিধান প্রণয়ন করে। আজ নতুন সংবিধানের ওপর গণভোট অনুষ্ঠিত হচ্ছে।
দেশটিতে ক্ষমতাসীন সেনাবাহিনী চাইছে, নতুন সংবিধানের পক্ষে বিপুল ‘হ্যাঁ ভোট’ পড়ুক, যাতে মোহাম্মদ মুরসিকে অপসারণের কাজটি ন্যায্যতা পায়।
মুসলিম ব্রাদারহুড নির্বাচন বর্জনের ডাক দিয়েছে এবং ত্রাস ছড়িয়ে দিতে বিভিন্ন স্থানে সহিংসতা সৃষ্টি করছে বলে অভিযোগ করছে সরকার।
গত কয়েক দিনে এ পর্যন্ত নির্বাচনসংক্রান্ত সহিংসতায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। কায়রোর বনি সুয়েফ ও গিজা এবং দেশের উত্তরাঞ্চলের সোহাগ শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচনবিরোধীদের সংঘাতে এ প্রাণহানি হয়।
আজ নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে কায়রোর ইমবাবা এলাকায় দুর্বৃত্তরা বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। তবে এতে প্রাণহানি হয়নি।
বিবিসি বলছে, নির্বাচন নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওগুলোতে সরকার ব্যাপক প্রচার চালিয়েছে। কিন্তু নির্বাচনবিরোধীদের কোনো প্রচারকাজ চালাতে দেয়নি। যারা নির্বাচনবিরোধী পোস্টার টানাতে বা লিফলেট বিলাতে চেয়েছিল, সরকার তাদের সবাইকে ধরে ধরে কারাবন্দী করেছে।