মিসরে সংবিধানের খসড়া চূড়ান্ত করতে ভোট

মিসরে ৫০ সদস্যের একটি প্যানেল নতুন সংবিধানের খসড়া চূড়ান্ত করার কাজ শুরু করেছে। গতকাল শনিবার খসড়া সংবিধানের ২৪৭টি অনুচ্ছেদের ওপর প্যানেল সদস্যদের ভোট গ্রহণ শুরু হয়।
ভোট গ্রহণের শুরুতে ৫০ সদস্যের প্যানেলের ৪৮ জন উপস্থিত ছিলেন। প্যানেল সদস্যরা সংবিধানের খসড়া চূড়ান্ত করলে এর ওপর গণভোটের আয়োজন করা হবে। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
সামরিক বাহিনী গত ৩ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর দায়িত্ব নেওয়া সেনাসমর্থিত শাসকদের কাজের প্রথম গুরুত্বপূর্ণ মাইলফলক হবে এই সংবিধান প্রণয়ন। সংবিধানটি গৃহীত হওয়ার পর মিসরে যথাক্রমে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই ওই নির্বাচন হওয়ার কথা রয়েছে।
প্যানেলের উপপ্রধান কামাল আল-হেলবাউয়ির উদ্ধৃতি দিয়ে মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গতকাল স্থানীয় সময় দিনের শেষ দিকে খসড়া সংবিধানের ওপর ভোট গ্রহণ শুরু হয়। এ ভোট এক দিনে বা দুই দিনে শেষ হবে।
গত সেপ্টেম্বর মাসের শুরুতে মৌলিক আইনের খসড়া প্রস্তুত করা শুরু করেছিল এই প্যানেল। ঘোষিত রূপরেখা অনুযায়ী, চলতি বছরের মধ্যেই সংবিধানের ওপর গণভোট হওয়ার কথা ছিল। তবে সরকারি কর্মকর্তারা এখন বলছেন, আগামী জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে গণভোটের আয়োজন করা হতে পারে।
মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর দায়িত্বকালে রচিত আগের সংবিধানটি স্থগিত করে অন্তর্বর্তী সরকার। মুরসি মাত্র এক বছর ক্ষমতায় থাকলেও এর মধ্যেই দ্রুততার সঙ্গে ওই সংবিধান প্রণয়ন করেছিলেন। সংবিধানটি তৈরি করেন ১০০ সদস্যের একটি প্যানেল, যাঁর সদস্যদের বেশির ভাগই ছিলেন ইসলামপন্থী।
বর্তমান প্যানেলটিতে মাত্র দুজন ইসলামপন্থী রয়েছেন। তবে তাঁদের কেউই মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য নন। মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে সংশোধিত খসড়া সংবিধানের সমালোচনা করেছে। সংবিধানের সংশোধিত খসড়ার ২০৩ অনুচ্ছেদে বলা আছে, ‘সশস্ত্র বাহিনী, সামরিক স্থাপনা এবং সামরিক বাহিনীর সদস্যদের ওপর সরাসরি আক্রমণের মতো অপরাধ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে বেসামরিক ব্যক্তিকে সামরিক বিচারকদের দ্বারা বিচার করা যাবে না।’ এ ছাড়া ২৩৩ অনুচ্ছেদে বলা আছে, ‘সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদের সম্মতির ভিত্তিতে প্রতিরক্ষামন্ত্রী পদে নিয়োগ দেওয়া হবে। প্রথম দুই প্রেসিডেন্টের মেয়াদে এটা প্রযোজ্য হবে।’ এ ছাড়া বেসামরিক কর্তৃপক্ষ সামরিক বাহিনীর বাজেটের ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারবে না।
নতুন অস্থিরতায় যুক্তরাষ্ট্র ‘উদ্বিগ্ন’: মিসরে নতুন করে অস্থিরতা শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে চালু করা নতুন আইনের বিরুদ্ধে আন্দোলনকারী প্রায় ২০০ ব্যক্তিকে শুক্রবার মিসরের পুলিশ গ্রেপ্তারের পর এ উদ্বেগ জানাল দেশটি। এএফপি।