মিসরে সংবিধানের খসড়া প্রণয়ন নিয়ে অনিশ্চয়তা
আরব বসন্তের পর ইসলামপন্থী ও উদারপন্থীদের মধ্যে দ্বন্দ্বের কারণে মিসরের নতুন সংবিধান প্রণয়ন নিয়ে সংকটের সৃষ্টি হয়েছে। ২০১১ সালের আরব বসন্তের চেতনায় এই খসড়া সংবিধান প্রণয়ন করার কথা রয়েছে। আরব বসন্তে মিসরের প্রায় তিন দশকের শাসক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয় মুসলিম ব্রাদারহুড-সমর্থিত ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি। ১০০ সদস্যের সাংবিধানিক পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় ইসলামপন্থীরা। প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুরসি।সাংবিধানিক পরিষদ চলতি সপ্তাহে সংবিধানের খসড়া প্রকাশ করে। একই সঙ্গে সেই খসড়ায় আরও কিছু সংযোজন-বিয়োজন করতে সহায়তার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। সাংবিধানিক পরিষদের সদস্য ও মুসলিম ব্রাদারহুডের প্রভাবশালী নেতা মোহাম্মদ আল-বেলতাগুই বলেন, ‘পরামর্শ, সংশোধনী ও সংযোজনীর মাধ্যমে সংবিধানের খসড়া তৈরিতে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’ ‘আপনার সংবিধান সম্পর্কে জানুন’ শীর্ষক প্রচারাভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলতাগুই এ আহ্বান জানান। বিরোধীরা ওই খসড়া তৈরিতে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ তুলেছে। ধারণা করা হচ্ছে, গত বছরে যে লক্ষ্য নিয়ে মোবারকবিরোধী অভ্যুত্থান হয়, খসড়া সংবিধানে তার প্রতিফলন হয়নি। এ কারণেই ইসলামপন্থীদের সঙ্গে উদারপন্থীদের দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। ফলে সৃষ্টি হয়েছে সংকট।সংবিধানের খসড়ায় এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যা মোবারকের আমলেও সংবিধানে ছিল। তাঁর পতনের পর অন্তর্বর্তী সময়ে ক্ষমতায় আসা সুপ্রিম কাউন্সিল ওই বিষয়গুলো স্থগিত করেছিল। অভিযোগ রয়েছে, খসড়া সংবিধানের বেশ কিছু অনুচ্ছেদ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এর মধ্যে বিচার বিভাগের ক্ষমতা এবং সেনাবাহিনীর ভূমিকার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। এ ছাড়া ধর্ম, নারীর অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক সৃষ্টির মতো বিষয় রয়েছে খসড়ায়।এ প্রসঙ্গে বেলতাগুই বলেন, খসড়া সংবিধানে অনেক কিছুই রাখা হয়েছে। সামাজিক ও সংসদীয় আলোচনার মাধ্যমে এগুলো চূড়ান্ত করা হবে।সাংবিধানিক পরিষদের সদস্য ও মুসলিম ব্রাদারহুডের বিরোধী সালাফিস্ট নেতা মোহাম্মদ সাদ গাউয়িস বলেন, খসড়া সংবিধানের কিছু অনুচ্ছেদ ‘বিতর্কের কেন্দ্রবিন্দু’ হয়ে উঠেছে। পর্যবেক্ষকেরা বলছেন, খসড়া সংবিধানের কিছু অনুচ্ছেদে কিছু নাগরিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে কিছু অনুচ্ছেদে এমন কিছু বিষয় আছে, যা আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডে উত্তীর্ণ হয় না। এই খসড়া চূড়ান্ত হলে ভবিষ্যতে মিসর চরম মানবাধিকার লঙ্ঘনের মুখে পড়তে পারে। বেলতাগুই জানান, ১২ ডিসেম্বরের মধ্যে খসড়া তৈরির বাধ্যবাধকতা রয়েছে। এরপর তা গণভোটে দিতে হবে।তবে এই সাংবিধানিক পরিষদের ভাগ্যে কী আছে, সেটাই প্রশ্নসাপেক্ষ। এই পরিষদকে চ্যালেঞ্জ করে মিসরের সর্বোচ্চ প্রশাসনিক আদালতে কয়েকটি মামলা রয়েছে। এর একটি মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করার কথা রয়েছে। এএফপি।