মিসরে সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়েছে: সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার ও ইসলামপন্থীদের মধ্যে সমঝোতার লক্ষ্যে পশ্চিমা ও আরব কূটনীতিকদের উদ্যোগ ব্যর্থ হয়েছে। মিসরের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে গতকাল বুধবার এসব কথা জানিয়ে বলা হয়, এ ব্যর্থতার জন্য ইসলামপন্থীরাই দায়ী। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সরকারের আলোচনার চেষ্টা এখন একেবারে বন্ধ হয়ে যেতে পারে। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ফলে দেশটিতে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের একজন সিনেটর বলেছেন, মিসরের পরিস্থিতি হয়তো কয়েক দিনের মধ্যেই রক্তপাতের দিকে গড়াতে পারে। মিসরে অব্যাহত সহিংসতার পরিপ্রেক্ষিতে সংকট নিরসনে মধ্যস্থতার লক্ষ্যে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষ দূত বার্নার্ডিনো লিওন ও অন্য কূটনীতিকেরা কায়রোয় গিয়েছিলেন। তবে এসব উদ্যোগে আশানুরূপ ফলাফল আসেনি বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আলোচনার উদ্যোগে ব্যর্থতার সম্পূর্ণ দায় মুসলিম ব্রাদারহুডের ওপর চাপিয়েছে সরকার। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা দৃশ্যত ব্যর্থ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং ইইউর প্রতিনিধিরা গতকালই মিসর ছেড়ে যান।কায়রো সফরে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামার পাঠানো দুই সিনেটর জন ম্যাককেইন ও লিন্ডসে গ্রাহাম। এদিকে ইইউ গতকাল বলেছে, মিসরের সংকট নিরসনের চেষ্টায় কূটনৈতিক উপায়ের ওপরই জোর দেওয়া হবে। দেশটির গণতন্ত্রে উত্তরণের জন্য ইইউর প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাংবাদিকেরা বলেছেন, আন্তর্জাতিক মধ্যস্থতার ব্যাপারে মিসরের অবস্থান ইতিবাচক ছিল না। দেশটির সেনাসমর্থিত প্রেসিডেন্ট আদলি মনসুর তাঁর দেশের ‘অভ্যন্তরীণ ব্যাপারে অগ্রহণযোগ্য হস্তক্ষেপের’ বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। আবার মুসলিম ব্রাদারহুডও মার্কিন সিনেটরদের ভূমিকার সমালোচনা করে। সামরিক বাহিনী গত ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করে। ইসলামি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা, দেশকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে গণবিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটায়। ওই ঘটনার পর থেকে মুরসিপন্থী ও বিরোধীদের সংঘাত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাদের দমন অভিযানে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারায়। এএফপি, রয়টার্স ও বিবিসি।