মিসরে ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গতকাল রোববার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৪ জন নিহত ও বহু আহত হয়েছে। সহিংসতায় জড়িত অভিযোগে মুসলিম ব্রাদারহুডের তিন শতাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
১৯৭৩ সালে সংঘটিত আরব-ইসরায়েল যুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে ব্রাদারহুডের কয়েক হাজার সমর্থক গতকাল নিরাপত্তা বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে রাজধানী কায়রোসহ কয়েকটি শহরে বিক্ষোভ সমাবেশ বের করলে এ সহিংসতার ঘটনা ঘটে। কায়রোতে বিক্ষোভকারীরা তাহরির স্কয়ারের দিকে এগিয়ে যেতে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং গুলি ছোড়ে। দুই পক্ষে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা খালেদ আল খতিব গতকালের হতাহতের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ২৬ জন কায়রোর রামসেস স্কয়ারে নিহত হয়। এ ছাড়া একজন বনি সুয়েফে একজন এবং রাজধানীর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিনার দেলগা এলাকায় একজন নিহত হয়। বাকি ছয়জন অন্যত্র নিহত হয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল দেশজুড়ে সামরিক শাসনবিরোধী ৩০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৪ আগস্ট থেকে শুরু হওয়া কয়েক দিনের সংঘর্ষে সহস্রাধিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার পর গতকালই প্রথম এত বেশিসংখ্যক মানুষ নিহত হলো। এর আগে গত
শুক্রবার মুরসি-সমর্থকদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়।
ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় সৃষ্ট জনরোষের মুখে গত ৩ জুলাই সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন মিসরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। ব্রাদারহুডের এই নেতার বেশ কিছু বিতর্কিত পদক্ষেপের কারণে মিসরের রাজনীতিতে অচলাবস্থা ও বিভক্তির সৃষ্টি হয়। বিবিসি ও এএফপি।