মিসরে সাংবিধানিক পরিষদ গঠনে রাজনৈতিক মতৈক্য
মিসরে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে প্যানেল গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ মতপার্থক্যের অবশেষে অবসান হয়েছে। ১০০ জন সদস্যের নতুন সাংবিধানিক পরিষদ গঠন নিয়ে গত বৃহস্পতিবার মতৈক্যে পৌঁছেছে ২২টি রাজনৈতিক দল। দেশটির ক্ষমতাসীন সামরিক পরিষদের মধ্যস্থতায় বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী থেকে কীভাবে এবং কতজন প্রতিনিধি ওই কমিটির সদস্য মনোনীত হবেন, এ বিষয়ে সমঝোতা হয়েছে। মিসরের সুপ্রিম কাউন্সিল অব দি আর্মড ফোর্সেসের (এসসিএএফ) প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেইন তানতাউয়ির সঙ্গে বৃহস্পতিবার ২২টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের দীর্ঘ বৈঠকের পর বিষয়টির সুরাহা হয়।এর আগে ১০০ সদস্যের সাংবিধানিক পরিষদ গঠিত হয়েছিল। কিন্তু ওই কমিটিতে বহুত্ববাদী সমাজের প্রতিফলন ঘটেনি—এমন অভিযোগ তুলে কমিটি থেকে বেরিয়ে যান উদারপন্থী এবং ধর্মনিরপেক্ষ চেতনায় বিশ্বাসী সদস্যরা। এরপর আদালত ওই কমিটি ভেঙে দেন। গত মঙ্গলবার সাংবিধানিক পরিষদ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় দেশটির ক্ষমতাসীন সামরিক পরিষদ। পরিষদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, এ সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে পরিষদ নিজেই কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করবে।নতুন সমঝোতা অনুযায়ী, সাংবিধানিক পরিষদের ১০০টি আসনের মধ্যে পার্লামেন্টের নিম্নকক্ষের এমপিদের জন্য বরাদ্দ থাকবে ৩৯টি আসন। বিচারকদের জন্য থাকবে ছয়টি আসন। আইন বিশেষজ্ঞদের জন্য নয়টি। শ্রমিক সংগঠনের জন্য থাকবে ১৩টি আসন। সেনাবাহিনী, পুলিশ এবং বিচার মন্ত্রণালয়ের জন্য থাকবে একটি করে আসন। এ ছাড়া বিভিন্ন শ্রেণী-পেশার খ্যাতিমান ব্যক্তিদের জন্য থাকবে ২১টি আসন। আগামী মঙ্গলবার এক বৈঠকের মাধ্যমে তাঁদের বাছাই করা হবে। সুন্নি মুসলমানদের জন্য সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রয়েছে পাঁচটি আসন এবং মিসরের কপটিক অর্থোডক্স চার্চের জন্য রয়েছে চারটি আসন। বিবিসি।